বলিউডের মেধাবী অভিনেত্রী স্বরা ভাস্কর। অভিনয়ের পাশাপাশি সামাজিক-রাজনৈতিক নানা বিষয়ে বরাবরই তিনি সরব। সেই কাঠুয়া ধর্ষণের প্রতিবাদ থেকে কানহাইয়া কুমারকে সমর্থন- নিজের মতামত জানিয়েছেন তিনি।
এ জন্য ‘নীল বাটে সানাটা’ নায়িকাকে বারবার ট্রোলের মুখে পড়তে হয়েছে। তবুও মুখে কুলুপ আঁটেননি কখনো। এবার জোর করে মাংস বিক্রি বন্ধে বাধ্য করায় প্রতিবাদ জানালেন স্বরা। এ ঘটনাকে, ‘তালেবানি’ কায়দা বলেও উল্লেখ করেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, চৈত্র নবরাত্রী চলাকালে হরিয়ানার গুরুগ্রামে কোনো মাংসের দোকান খোলা যাবে না বলে হুমকি দেয় হিন্দু সংগঠন।
শনিবার জোর করে শহরের প্রায় ১৮০টি দোকান বন্ধ করে দেয় হিন্দু সেনা নামে একটি সংগঠনের লোকজন। ওইদিন সকালে রীতিমতো লাঠি, তলোয়ার, লোহার রড হাতে গুরুগ্রামে রাস্তায় দাপিয়ে বেড়ায় হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন।
রোববার এমনই একটি ভিডিও রিটুইট করেন স্বরা। সেইসঙ্গে কড়া ভাষায় লেখেন, “এরা ভারতের মাটিতে বেড়ে ওঠা, সরকার পালিত তালেবান।”
এই মন্তব্যের মাধ্যমে একই সঙ্গে বিজেপি সরকারকেও একহাত নিলেন স্বরা।
এই নায়িকাকে সর্বশেষ দেখা গেছে ‘ভিরে দি ওয়েডিং’ সিনেমায়। তার সঙ্গে আরও ছিলেন সোনম কাপুর ও কারিনা কাপুর খান। সিনেমা বক্স অফিসে ভালো ব্যবসা করেছে।