সহকারী কমিশনারের মৃত্যু

গাইবান্ধায় সাবেক সাংসদসহ ১৩ জনের নামে মামলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অবিদিয় মারডীর মৃত্যুর ঘটনায় গতকাল সোমবার  গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সাংসদ আবুল কালাম আজাদসহ ১৩ জনকে আসামি করে মামলা করেছেন নিহতের বড় ভাই স্যামসন মারডী। গোবিন্দগঞ্জ চৌকি আদালতে এ মামলা করা হয়। আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মিজানুর রহমান মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম পার্থ ভদ্র আগামী ১২ জুন মামলার শুনানির দিন ধার্য করেন। অবিদিয় মারডীর বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলার বেনীদুয়ার মিশনপাড়ায়। নিহতের বড় ভাই স্যামসন মারডী দেশ রূপান্তরকে বলেন, ‘২০১৪ সালের ১১ জানুয়ারি বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে গোবিন্দগঞ্জে অবিদিয় মারডীকে হত্যা করা হয়। কিন্তু এ ঘটনাকে সড়ক দুর্ঘটনা দেখিয়ে ওই দিন রাতেই মামলা করে পুলিশ। হত্যার অভিযোগে আমি ১৩ মার্চ গোবিন্দগঞ্জ থানায় জিডি করি। পরে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের আদেশে ওই বছরেই ২৩ জুলাই লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলে শরীরে পচন ধরায় কারণ খুঁজে পায়নি বলে “মিথ্যা” রিপোর্ট দিয়েছে কর্তৃপক্ষ। ভাইকে পরিকল্পিতভাবে হত্যার বিচার দাবিতে এবার আমি হত্যা মামলা দায়ের করেছি।’