হবিগঞ্জে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

কৃষক তোতন মিয়া হত্যা মামলায় ছয় জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নাছিম রেজা এ আদেশ দেন।

দ-প্রাপ্তরা হলেন মোশাহিদ, মোহন মিয়া, জিয়াউর রহমান, ওয়াহাব উল্লাহ, চান মিয়া, দিলু মিয়া। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য ১৪ জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় মোশাহিদ ও জিয়াউর রহমান আদালতে উপস্থিত ছিলেন। দ-প্রাপ্ত অন্যরা পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৩০ অক্টোবর আজমিরীগঞ্জ উপজেলার খাগদাইর জলমহালের বাবুচির কাজ নেন তোতন মিয়া (৬৫)। পরদিন সকালে জলমহালের পাশে তোতন মিয়ার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। এ ব্যাপারে তোতন মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে ১৫ নভেম্বর ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত সরকারি কৌঁসুলী) সালেহ উদ্দিন আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।