শিক্ষক নিখোঁজ ২৫ দিন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা ও চাটখিল সোমপাড়া গার্লস হাইস্কুলের শিক্ষক মোজাম্মেল হোসেন (২৯) নিখোঁজ হওয়ার ২৫দিনেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ১৫ মার্চ রাতে মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা দিয়ে নিখোঁজ হন মোজাম্মেল।

মোজাম্মেল হোসেনের ভগ্নিপতি লক্ষ্মীপুর শহরের ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, ‘আমি দীর্ঘদিন যাবৎ লক্ষ্মীপুর শহরে ব্যবসা করি। গত ১৫ মার্চ রাত সাড়ে ৮টার দিকে মোজাম্মেল তার মোবাইল ফোন থেকে (০১৮১৮৮৩৫১২২) লক্ষ্মীপুরে তার কাছে আসার জন্য রওনা হওয়ার কথা জানান। এর কিছুক্ষণ পর থেকে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। আর মোজাম্মেল আমার কাছে আসেননি।’ হাবিব জানান, বিভিন্ন স্থানে তাকে খুঁজে না পেয়ে ১৬ মার্চ লক্ষ্মীপুর সদর থানায় এ ব্যাপারে জিডি করেন তিনি। নিখোঁজ হওয়ার ২৫দিন পার হয়ে গেলেও মোজাম্মেল হোসেনের খোঁজ পাওয়া যায়নি। মোজাম্মেল হোসেনের মা ও পরিবারের সদস্যদের অভিযোগ দুষ্কৃতকারীরা তাকে অপহরণ করেছে। মোজাম্মেল নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় আছেন।