হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ব্রাজিলে ফিরছেন পেলে

সুস্থ হয়ে উঠেছেন মূত্রনালীর সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ফুটবল কিংবদন্তি পেলে। প্যারিসের হাসপাতার থেকে ছাড়া পেয়ে দেশে ফিরতে যাচ্ছেন তিনি।

প্যারিসের আমেরিকান হসপিটালে পাঁচদিন চিকিৎসা শেষে ছাড়া পাওয়ার পর সোমবার রাতে ৭৮ বছর বয়সী পেলে এক বিবৃতিতে জানান, তিনি দেশে ফিরবেন; জানিয়েছেন কাজে ফেরার প্রস্তুতির কথাও।

এর আগে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা পেলের সঙ্গে নিজের একটি ছবি টুইটারে পোস্ট করেন পিএসজি তারকা নেইমার। পেলে নামের পাসে কিং লিখে তাতে ক্রাউনের একটা ইমোজিও দেন।

বিবৃতিতে ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জেতা পেলে বলেন, “আমি মূত্রনালী সংক্রান্ত মারাত্মক সমস্যায় ভুগছিলাম। এই জন্য জরুরি ভিত্তিতে ডাক্তারী সহায়তা ও অস্ত্রোপচার দরকার পড়েছিল।”

সুইস ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান হাবলটের প্রচার অনুষ্ঠানে অংশ নিতে গত মঙ্গলবার প্যারিসে এক অনুষ্ঠানে হাজির হন ৭৮ বছর বয়সী পেলে। অনুষ্ঠানে ছিলেন হাবলটের আরেক শুভেচ্ছাদূত কিলিয়ান এমবাপে। রাশিয়া বিশ্বকাপ জেতা ফরাসি এই তরুণ ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসান পেলে।

অনুষ্ঠানের পর পরই অসুস্থ বোধ করেন তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে। বুধবার দেশে ফেরার আগে অসুস্থতা বাড়লে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।