বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জন্য নিজের বেছে নেওয়া দলে ফর্মে থাকা উসমান খাওয়াজাকে রাখেননি দেশটির কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। অথচ চলতি বছর ওয়ানডেতে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক খাওয়াজা।
এ বছর খাজা ১৩ ওয়ানডেতে ৫৯.১৫ গড়ে রান করেছেন ৭৬৯। ভারত সফরে পাঁচ ম্যাচের সিরিজে দুই সেঞ্চুরির সঙ্গে ফিফটিও করেন দুটি। এরপর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে করেন তিনটি ফিফটি। নিয়মিত ওপেনার ডেভিড ওয়ার্নার নিষিদ্ধ থাকায় অস্ট্রেলিয়ার টপ অর্ডারে অন্যতম ভরসাও হয়ে ওঠেন ডানহাতি ব্যাটসম্যান।
সম্প্রতি খাওয়াজার সমালোচনা করেছিলেন ওয়ার্ন। সেই রেশটা বিশ্বকাপ দল নির্বাচনেও রাখলেন তিনি। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দল বাছাই করে টুইটারে পোস্ট করেছেন ওয়ার্ন। তাতে খাওয়াজাকে বাদ দেওয়ায় অনেকে সাবেক এই লেগস্পিনারকে সমালোচনা করেছেন।
ওয়ার্ন একাদশও দিয়ে দিয়েছেন। বল টেম্পারিংয়ের ঘটনায় এক বছরের নিষেধাজ্ঞা থেকে কদিন আগে মুক্তি পাওয়া ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনার হিসেবে রেখেছেন ডি’আর্চি শর্টকে। বর্তমান অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ওপেনার পজিশন থেকে সরিয়ে রেখেছেন তিন নম্বরে।
খাজাকে পেছনে ফেলে ওয়ার্নের দলে জায়গা পাওয়া শর্ট অবশ্য অস্ট্রেলিয়ার শেষ ১৫ ওয়ানডের একটিও খেলেননি। তবে বাঁহাতি এই ব্যাটসম্যান বিগ ব্যাশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। হোবার্ট হারিকেনসের হয়ে তিনি ৫৩.৮ গড়ে ও ১৪০.৬১ স্ট্রাইক রেটে করেন ৬৩৭ রান।
ওয়ার্ন তার দলে চার নম্বরে রেখেছেন ওয়ার্নারের সঙ্গে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা প্রাক্তন অধিনায়ক স্টিভেন স্মিথকে। মিডল অর্ডারে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস ও উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। পেস আক্রমণে প্যাট কামিন্সের সঙ্গী মিচেল স্টার্ক ও ঝাই রিচার্ডসন। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে একাদশে আছেন অ্যাডাম জাম্পা।
শেন ওয়ার্নের বিশ্বকাপের অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ডি’আর্চি শর্ট, অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ঝাই রিচার্ডসন, অ্যাডাম জামপা।
অতিরিক্ত: শন মার্শ, নাথান লায়ন, অ্যাশটন টার্নার, নাথান কোল্টার-নাইল।