বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে মিয়ানমার সেনাবাহিনীর পুরো স্কোয়াড নিহত

আরাকানের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে মিয়ানমার সেনাবাহিনীর একটি স্কোয়াডের সব সদস্য নিহত হয়েছেন। সেনাবাহিনী এবং নিহতদের পরিবারের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম দ্য ইরাবতী।

শুক্রবার উত্তর রাখাইনের বুথিয়াডং শহরের দুর্গম একটি এলাকায় এ সংঘর্ষ হয় বলে তাদের প্রতিবেদনে জানানো হয়েছে।

আরাকান আর্মি মনে করে, আরাকানিরা বঞ্চনার শিকার। মিয়ানমারের কেন্দ্রীয় সরকার আরাকানের উন্নয়নে কিছুই করেনি। তাই তারা সরকারের বিরুদ্ধে সব সময় আক্রমণাত্মক থাকে।

নিহত ক্যাপ্টেন চিট কো কো’র দীর্ঘদিনের বন্ধু স লুইন স নিজের ফেসবুক পোস্টে জানান, বাংলাদেশ সীমান্তের কাছে আরাকান আর্মির ঘাঁটিতে হামলা করতে কো কো’কে নির্দেশ দেওয়া হয়। সেখানে যাওয়া ২০ সেনার কেউ ফিরে আসেননি।

তিনি লিখেছেন, অপ্রত্যাশিতভাবে পুরো স্কোয়াডকে আরাকান যোদ্ধারা ঘিরে ফেলে। শুরু হয় তুমুল লড়াই। ক্যাপ্টেন মারা যান রকেট চালিত গ্রেনেডে। অন্যরাও নিজেদের রক্ষা করতে পারেননি।

এই ঘটনার জন্য মিয়ানমারের সাধারণ মানুষ ক্যাপ্টেনের সমালোচনা করছেন। ফেসবুক ব্যবহারকারীরা বলছেন, এমন দুর্গম এলাকায় এত অল্প সেনা নিয়ে যাওয়া ঠিক হয়নি।