ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং লিডারকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৩ জুন ২০২৬, ১২:৫৯ পিএম

ভেনেজুয়েলার কুখ্যাত সন্ত্রাসী গ্যাং ‘ট্রেন দে আরাগুয়া’র নেতা নিওনো গেরেরোকে বিমান হামলায় হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তার নির্দেশে মার্কিন সাউদার্ন কমান্ড একটি দ্রুত ও মারাত্মক সামরিক অভিযান চালিয়ে হেক্টর রাসেনফোর্ড গেরেরো ফ্লোরেসকে লক্ষ্য করে হামলা চালায়, যিনি ‘নিওনো গেরেরো’ নামেও পরিচিত ছিলেন।
 
তিনি জানান, গেরেরো দীর্ঘদিন ধরে ট্রেন দে আরাগুয়া গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন। লাতিন আমেরিকার অন্যতম ভয়ংকর এই অপরাধচক্রটি যুক্তরাষ্ট্রের ঘোষিত বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে।

ট্রাম্প আরও দাবি করেন, হামলাটি ভেনেজুয়েলার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই চালানো হয়েছে। ভেনেজুয়েলাও এ অভিযানে নিজেদের সম্পৃক্ততাকে ‘যৌথ অভিযান’ হিসেবে নিশ্চিত করেছে।

মার্কিন অভিযোগ অনুযায়ী, ট্রেন দে আরাগুয়া সংগঠনটি অপহরণ, মানবপাচার, চাঁদাবাজি এবং ভাড়াটে খুনসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। ভেনেজুয়েলা থেকে শুরু করে কলম্বিয়া, পেরু, ইকুয়েডর ও চিলিসহ একাধিক দেশে এই গ্যাংয়ের বিস্তার ঘটেছে।  নিওনো গেরেরো বহুবার কারাগারে গেলেও একাধিকবার পালিয়ে যান এবং কারাগারকে বিলাসবহুল কেন্দ্রে পরিণত করেছিলেন বলেও অভিযোগ রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র এর আগেও ভেনেজুয়েলা ও আশপাশের অঞ্চলে মাদক চোরাচালানবিরোধী অভিযানে একাধিক নৌকায় হামলা চালিয়েছে বলে জানা যায়। এসব অভিযানে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এসব হামলায় নিহতরা সত্যিই মাদক পাচারে জড়িত ছিলেন কি না—এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি, যা নিয়ে সমালোচনাও রয়েছে। আইন বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বিচার প্রক্রিয়া ছাড়া এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে। তবে মার্কিন প্রশাসন দাবি করেছে, এসব অভিযান আইনগতভাবে বৈধ এবং মাদক চক্রগুলোর বিরুদ্ধে তাদের ‘সশস্ত্র সংঘাত’ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত