মাশরাফীর যে মন্ত্রে চাপ জয় করতে চান সাইফউদ্দিন

বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন কি থাকবেন না সেটি এখনো নিশ্চিত নয়। তবে মোহাম্মদ সাইফউদ্দিন নামটি কোচ, নির্বাচক, অধিনায়কের বিবেচনায় আছে বেশ ভালোভাবেই। মাঝে অবশ্য চোটে পড়েছিলেন। তবে প্রিমিয়ার লিগে ঠিকই খেলে যাচ্ছেন এই পেস বোলিং অলরাউন্ডার।

এদিকে বিশ্বকাপের জন্য বিবেচনায় থাকলেও স্কোয়াড ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে চান সাইফউদ্দিন। বিশ্বকাপের টিকিট মিললেই চিন্তা করবেন সামনের পরিকল্পনা নিয়ে।

মঙ্গলবার মিরপুরে আবাহনীর অনুশীলনে এসেছিলেন সাইফউদ্দিন। এ সময় ২২ বছর বয়সী নিজের বিশ্বকাপ ভাবনার কথা জানালেন এভাবে, ‘‘সত্যি বলতে এমন কিছুই (বিশ্বকাপ ভাবনা) আমার মাথায় কাজ করছে না। আপাতত আমি ডিপিএলের (ঢাকা প্রিমিয়ার লিগ) ম্যাচ গুলো নিয়ে চিন্তা করছি। যখন স্কোয়াড ঘোষণা হবে, যখন বিশ্বকাপের টিকিট হাতে পাব, তখন চিন্তা করব।’’

বিশ্বকাপের স্বপ্নে যে বিভোর সাইফউদ্দিন সেই কথাটা অবশ্য পরে আড়াল করতে পারেননি। এক প্রশ্নের জবাবে বললেন, ‘‘প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। যদি সুযোগ পাই অবশ্যই আমারও স্বপ্ন পূরণ হবে। পাশাপাশি ইংল্যান্ডের কন্ডিশন, নিজেকে প্রমাণ করার মত ভালো মঞ্চ বিশ্বকাপ। বিশেষ করে আমরা যারা জুনিয়র প্লেয়ার, তাদের জন্য। ভালো করলে সামনে আরও ভালো সুযোগ আসবে। চেষ্টা করব নিজের শতভাগ দেয়ার।’’

বিশ্বকাপের মতো বড় মঞ্চ মানেই চাপ। সুযোগ মিললে সাইফউদ্দিনকে সেই চাপ জয় করতে হবে। লোয়ার অর্ডারে ব্যাটিং তো আছেই, বল হাতে পূরণ করতে হবে প্রত্যাশা।

চাপ প্রসঙ্গে সাইফউদ্দিন মনে করিয়ে দিলেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার টোটকা, ‘‘আসলে চাপের কিছু নেই। মাশরাফী ভাই সব সময় বলেন, আমরা রাবাদাদের মতন ১৫০ কি. মি. গতিতে বল করতে পারব না। আমরা ১৩০-এর ঘরে যদি লাইন লেংথ মেপে, সুইং করতে পারি তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যায়।’’