সাবেক প্রেমিকের বিয়ের আসরে ঢুকে তরুণীর লঙ্কাকাণ্ড (ভিডিও)

ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়?

হালের এই বাংলা গানের উত্তর খুঁজতে চীনের এক প্রেমবঞ্চিত তরুণীর কাছে যাওয়া যেতে পারে। বিচ্ছেদের পর প্রেমিকের বিয়ের আসরে গিয়ে ঝামেলা পাকিয়েছেন তিনি। একপর্যায়ে চোখের জলে বুক ভিজিয়ে প্রাক্তনকে ফিরে আসার অনুরোধও করেন।

ডেইলি মেইল জানিয়েছে, একটি ভিডিও থেকে চীনের এই ঘটনাটি আলোচনায় এসেছে। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ৩০ সেকেন্ডের এই ভিডিওটি প্রথম পোস্ট করেন একজন ব্লগার।

স্টার ভিডিওর বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, বান্ধবীর ব্যক্তিত্বের সঙ্গে নিজের মিল না থাকায় ওই যুবক বিচ্ছেদে যান। এরপর তিনি অন্য একজনকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

বিয়ের দিন বর-কনে তখন মঞ্চে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। হঠাৎ বিয়ের পোশাক পরা একটি মেয়ে সেখানে চলে আসেন।

ভিডিও দেখে মনে হয়েছে, মেয়েটি তার সাবেক প্রেমিকাকে অন্য কাউকে বিয়ে না করার অনুরোধ করছেন। হাত ধরে নিজের দিকে টানতেও দেখা যায়।

এ সময় হবু স্ত্রীকে শান্ত করার চেষ্টা করেন ওই যুবক। কিন্তু তিনি কোনো কথা না শুনে আসর ছেড়ে বেরিয়ে যান। এই ঘটনার শেষ পরিণতি কী হয়েছে, সেটি কোনো প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়নি।

অতিথিরা অনাহূত ঘটনায় রীতিমতো চমকে যান। একজনকে বলতে শোনা গেছে, ‘আমরা এখন অপ্রত্যাশিত ঘটনার মধ্যে আছি। সম্ভবত এটাই ভালোবাসার মতো ভালোবাসা।’