চাঁদপুরে ডাকাতিয়া নদীর পাড় থেকে পরিত্যক্ত কাগজের বাক্স থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে শহরের ১১নং ওয়ার্ডের ময়দার মেইল এলাকায় নদীর পাড়ে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, নদীতে গোসল করতে গেলে কাগজের বাক্সটি বাঁধা অবস্থায় দেখতে পায় লোকজন। এ সময় তারা বাক্সের বাঁধন খুলে ভেতরে সদ্যোজাত নবজাতকের মরদেহটি দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে চাঁদপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার এসআই (উপপরিদর্শক) জহিরুল ইসলাম জানান, কে বা কারা এই নবজাতকের লাশটি এখানে ফেলে যায়। ধারণা করা হচ্ছে কোন অবৈধ সম্পর্কের ফসল এই নিষ্পাপ শিশু। ঘটনাস্থলের আশপাশে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। নবজাতকের বয়স আনুমানিক ২ দিন হতে পারে।