যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অভিবাসনপ্রত্যাশী মা-বাবার কাছ থেকে শিশুদের আলাদা করার নীতি পুনর্বহাল করতে তাগিদ দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের বরাত দিয়ে হাফিংটন পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের প্রশাসনকে পরিবার আলাদা করার নীতি পুনর্বহালে চাপ দিচ্ছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস বৈঠকের বিষয়ে অবগত যুক্তরাষ্ট্রের তিন কর্মকর্তা এনবিসিকে এ তথ্য জানিয়েছেন। তাদের মধ্যে জ্যেষ্ঠ একজন জানান, ট্রাম্প মনে করেছেন, যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে এটিই মোক্ষম উপায়।
সিএনএনের একই ধরনের প্রতিবেদনে বলা হয়, গত কয়েক মাস ধরে পরিবার বিচ্ছিন্নকরণ নীতি চালু করতে চাইছেন ট্রাম্প। আগের চেয়ে বড় পরিসরে এটি করতে চান তিনি। মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উদ্ধৃত করে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, অভিবাসনপ্রত্যাশী কিংবা সীমান্তের তল্লাশি চৌকিতে আসা পরিবারগুলোকে আলাদা করার কথা ভেবেছেন ট্রাম্প। এর আগে ট্রাম্পের নীতি অনুযায়ী, সীমান্তের এক পাশের তল্লাশি চৌকি পার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের তাদের সন্তানদের কাছ থেকে আলাদা করা হয়। পরবর্তী সময়ে তাদের অন্যত্র বন্দি করে রাখা হয়। দুটি সংবাদমাধ্যমের খবরেই বলা হয়, স্থানীয় সময় রবিবার পদত্যাগ করা হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিয়েশ্চেন নিয়েলসেন ট্রাম্পের তাগিদের বিপক্ষে বলছিলেন। নিয়েলসেন আদালতের বরাত দিয়ে ট্রাম্পকে এ চিন্তা থেকে সরে আসার কথা বলেছিলেন।