দেয়াল ধসে সড়ক অচল

আশুলিয়ায় বৃষ্টিতে একটি কারখানার দেয়াল ধসে সড়কে চলাচল বন্ধ হয়ে  গেছে। গত সোমবার রাতে আশুলিয়ার চাঁড়ালপাড়া এলাকার ম্যানস ইলেকট্রিক্যাল লিমিটেড নামক কারখানার দেয়াল ধসে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ন কবির জানান, ম্যানস ইলেকট্রিক কারখানার প্রায় ২৫-৩০ ফুট দীর্ঘ ও ১০ ফুট উঁচু দেয়াল ধসে সড়কে পড়েছে। নিয়ম না মেনে আরসিসি ঢালাই ছাড়া এত বড় দেয়াল নির্মাণ করা হয়েছে। ধসে পড়া স্তূপের নিচে কেউ আটকে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এলাকাবাসীরা জানায়, প্রায় পাঁচ ফুট প্রশস্তের সড়কটি দিয়ে প্রতিদিন শত শত পোশাককর্মী ও সাধারণ মানুষ চলাচল করে। আজ যেভাবে দেয়াল ধসে পড়ে পুরো সড়কটি বন্ধ হয়ে গেছে, এতে বড় ধরনের হতাহতের আশঙ্কা ছিল। যদিও এখন পর্যন্ত ধসে পড়া স্তূপের নিচে কেউ আটকে আছে কি না, তা জানা যায়নি।

কারখানাটির সহকারী ব্যবস্থাপক শাহালম হোসেন বলেন, তাদের দেয়াল নির্মাণে কোনো ত্রুটি ছিল না। স্থানীয়রা মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্যেমূলক তাদেরকে হয়রানির চেষ্টা করছেন।