দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন গত প্রায় দেড় যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে নির্মাণ করে আসছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। এতে নাটকীয়ভাবে প্রতিটি পর্ব উপস্থাপন করা হয়। তারই ধারাবাহিকতায় এবারও পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করা হয়েছে বিশেষ ‘পাঁচফোড়ন’।
এবারের ‘পাঁচফোড়ন’ সাজানো হয়েছে টকশোর আঙ্গিকে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই বন্ধুর মধ্যে নববর্ষ, বৈশাখী মেলা এসব নিয়ে মজার মজার আলোচনা হতে থাকে। তারই ফাঁকে ফাঁকে প্রসঙ্গক্রমে আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমৎকার সব রিপোর্টিং। এবারের পাঁচফোড়নে দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা মীর সাব্বির ও সাজু খাদেম। এতে মৌলিক গান রয়েছে ৩টি। খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের কথা ও মেহেদীর সংগীত পরিচালনায় নববর্ষকে নিয়ে একটি গান গেয়েছেন প্রতিক হাসান। আরেকটি গান গেয়েছেন জনপ্রিয় শিল্পী শুভ্রদেব। গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন পংকজ। দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নি ও পলাশ। কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন তাপস।
রয়েছে বৈশাখের ওপর বেশ কটি ব্যঙ্গ-রসাত্মক নাট্যাংশ। বরাবরের মতো অনুষ্ঠানটি প্রচার হবে ১৪ এপ্রিল রাত ৮টায় শুধুমাত্র এটিএন বাংলায়। পাঁচফোড়ন পরিবেশিত হবে কেয়া কস্মেটিকস্ লিমিটেডের সৌজন্যে।