বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) এডিপি বাস্তবায়নে হার দাঁড়িয়েছে ৪৭ দশমিক ২৪ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৪৫ দশমিক ৬৫ শতাংশ। গতকাল মঙ্গলবার বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য প্রকাশ করেন। এ সময় আইএমইডি সচিব আবুল মনসুর মো. ফায়জুল্লাহ উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, গত নয় মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করতে পেরেছে ৮৩ হাজার ৪৩২ কোটি টাকা। গত অর্থবছর একই সময়ে খরচ হয়েছিল ৭১ হাজার ৯৪০ কোটি টাকা। অর্থ ব্যয় অনেক বেড়েছে। মন্ত্রী বলেন, আশা করছি এ অর্থবছর সংশোধিত এডিপির কাক্সিক্ষত বাস্তবায়ন সম্ভব হবে।
চলতি অর্থবছরে মূল এডিপি থেকে ৮ হাজার কোটি টাকা কাটছাঁট করে সম্প্রতি সংশোধিত এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা (স্বায়ত্তশাসিত সংস্থার অর্থায়ন ছাড়া)। মূল এডিপির আকার ছিল ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা। এক্ষেত্রে বৈদেশিক সহায়তা থেকে বাদ দেওয়া হয়েছে ৯ হাজার কোটি টাকা। অন্যদিকে সরকারি তহবিল থেকে এক হাজার কোটি টাকা বাড়িয়ে দেওয়া হয়।