শাহ আমানতে এবার ১১ কেজি স্বর্ণ উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল মঙ্গলবার মাসকাট থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে ১১ কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ দিদারুল আলম (৩৫) নামে এক যাত্রীকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা। আটক দিদারের বাড়ি রাউজান উপজেলায়।

এর আগে গত সোমবার আবুধাবি থেকে আসা বিমানের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ২০০ স্বর্ণের বার উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। ২৩ কেজি ৪০০ গ্রাম ওজনের ওই স্বর্ণের বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা বলে জানিয়েছিলেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মারুফুর রহমান।

বিমানবন্দর কাস্টমসের উপকমিশনার নুরউদ্দিন মিলন দেশ রূপান্তরকে বলেন, ‘বাংলাদেশ বিমানের বিজি ১২২ ফ্লাইটের যাত্রী দিদারুল কাস্টমসের আনুষ্ঠানিকতা না সেরে দূরে দাঁড়িয়ে ছিলেন। আচরণ সন্দেহজনক হওয়ায় বিমানবন্দরে নিয়োজিত কাস্টমস কর্মকর্তারা তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ৯৬টি স্বর্ণের বার উদ্ধার করেন। যার ওজন ১১ কেজি ২০০ গ্রাম এবং মূল্য প্রায় ৬ কোটি টাকা।’ তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা হয়েছে।