অক্ষয় কুমারেরর সর্বশেষ সিনেমা ‘কেশরি’ বরাবরের মতো হিট। বর্তমানে একাধিক সিনেমা নিয়ে তার ব্যস্ততা। এরই এক ফাঁকে শ্যালক করণ কাপাডিয়ার জন্য গানে পারফর্ম করলেন।
অক্ষয়ের শাশুড়ি ডিম্পল কাপাডিয়ার ভাগনে করণ সম্প্রতি বলিউডে পা রেখেছেন। তার অভিষেক সিনেমা ‘ব্ল্যাঙ্ক’-এর বিশেষ একটি গানে দেখা যাবে অক্ষয়কে।
ছবিটি পরিচালনা করছেন বেহজাদ খাম্বাতা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন সানি দেওল, যার সঙ্গে ডিম্পলের সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন রয়েছে।
ছক ভাঙা কিছু করতে পছন্দ করেন অক্ষয়। তেমন কিছু দেখা যাবে নতুন এ গানে। দেড় যুগ আগে হরর-কমেডি ‘ভুলভুলাইয়া’তেও একটি বিশেষ ড্যান্স নাম্বার করেছিলেন তিনি। করণের সঙ্গে জোড় বাঁধা গানটিও নাচের।
এ প্রসঙ্গে টুইটারে অক্ষয় লেখেন, ‘‘লম্বা-রোগা ছেলেটাকে চোখের সামনে বড় হয়ে যেতে দেখলাম। ওর প্রথম ছবির জন্য অনেক শুভেচ্ছা।’’
তিনি আরও বলেন, ‘‘ছোটবেলা থেকেই ওর মধ্যে অভিনয়ের ক্ষুধা ছিল। ওর একটি শর্ট ফিল্ম কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। অভিষেক ছবি হিসেবে একটু অন্য ধারার ছবি বেছে নিয়েছে। আমি ওর জন্য গর্বিত।’’
জানা গেছে, ‘ব্ল্যাঙ্ক’-এ করণকে দেখা যাবে আত্মঘাতী জঙ্গির চরিত্রে। আর সিনেমাটি মুক্তি পাবে মে মাসে।