বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার চার্জশিট ভুক্ত আসামি শফিউর রহমান ফারাবীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা এক মামলায় খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে তিনি অভিজিৎ রায় হত্যা মামলায় কারাবন্দী থাকছেন।
বুধবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামশ জগলুল হোসেন অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফারাবীকে খালাস দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ফারাবী গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হুমকি দিয়েছেন। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় তসলিমা নাসরিনের কলাম ছাপানোর কারণে পত্রিকার সম্পাদক নঈম নিজামকে হুমকি দিয়েছিলেন ফারাবী। এসব ঘটনায় তার বিরুদ্ধে ২০১৫ সালের ১৪ মার্চ রাজধানীর রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (রমনা জোন) ফজলুর রহমান।
২০১৫ সালের ৩০ নভেম্বর তার বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। ২০১৬ সালের ৫ এপ্রিল তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় বিভিন্ন সময় সাতজন সাক্ষ্য দেন। সাক্ষ্য প্রমাণে মামলাটি প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।