রিট খারিজ, রবিবারই হচ্ছে বিসিবি নির্বাচন

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৭:৫২ পিএম

বিসিবি’র (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। 

আজ বুধবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজের আদেশ দেন। 

এ আদেশের ফলে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন আগামী রবিবার (৭ জুন) যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানান সংস্থাটির আইনজীবী মাহিন এম রহমান। 

গত ৬ মে সাধারণ পরিষদ গঠন এবং পরিচালনা পর্ষদ নির্বাচন- ২০২৬ অনুষ্ঠানের লক্ষ্যে বিসিবি’র সাধারণ পরিষদে ‘কাউন্সিলর’ এর নাম মনোনয়নের জন্য বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি (জেলা প্রশাসক) বরাবর বিসিবির তরফে চিঠি পাঠানো হয়। 

এ চিঠি প্রত্যাহার, ভোটার তালিকায় আবেদনকারীদের (রিট আবেদনকারী) নাম অন্তর্ভূক্তকরন এবং নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে গত ১৮ মে রিট আবেদনটি করেন আরমানুল ইসলাম নয়নসহ ছয়জন আবেদনকারী। 

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। 

বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী মাহিন এম রহমান। ব্যারিস্টার মাহিন দেশ রূপান্তরকে বলেন, ‘আদালত দুদিন শুনানি নিয়ে আবেদনটি খারিজ করেছেন। রবিবার বিসিবি’র নির্বাচন হতে কোনো আইনি বাধা নেই।’ 

গত ১৬ মে এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন সামনে রেখে ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয় ১৯ মে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত