ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে স্ত্রী-সন্তানদের সঙ্গে নিতে পারবেন মাশরাফী-সাকিবরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ ক্ষেত্রে কোনো বিধিনিষেধ রাখছে না। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে অনুষ্ঠিত গত বিশ্বকাপের মতো তাই এবারও খেলা চলা কালে পরিবারের সান্নিধ্যে থাকতে পারবেন টাইগাররা।
বুধবার বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, ‘‘পরিবার সঙ্গে রাখার অনুমতি তো আছেই। আমাদের সময় তা ছিল না। টিম ম্যানেজমেন্ট খুব কড়া ছিল এই বিষয়ে। খেয়াল করলে দেখবেন, গত বিশ্বকাপেও আমরা পরিবারকে সঙ্গে থাকতে দিয়েছি। এটা কোনো সমস্যা না।’’
৩০ মে মাঠে গড়াবে বিশ্বকাপ। ফাইনাল ১৪ জুলাই। ১০ দল নিয়ে আয়োজিত এবারের বিশ্বকাপের ফরম্যাট ভিন্ন। লিগ পদ্ধতিতে প্রত্যেক দল একে অপরের মুখোমুখি হবে প্রথম পর্বে। দীর্ঘ সময় তাই বিদেশে কাটাতে হবে টাইগারদের।
এদিকে বাংলাদেশের দল আবার দেশ ছাড়বে আরো আগে। মে’র শুরুতেই আয়ারল্যান্ডে আছে ত্রিদেশীয় সিরিজ। যেখানে বলতে গেলে বিশ্বকাপ দলটাই খেলবে।
বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ২ জুন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।