কসবায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে রাতভর ধর্ষণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে রাতভর উপর্যুপরি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ফারুক মিয়া পলাতক রয়েছে।

বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পুলিশ ওই কিশোরীকে মেডিকেল পরীক্ষা করার পর ধর্ষিতা আদালতে জবানবন্দি প্রদান করেছেন।

খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, গত রোববার কসবা সদরের একটি স্কুল ছুটি হওয়ার পর ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া কিশোরী বিকেলে বাড়ি যাওয়ার পথে উপজেলার ধর্মপুর গ্রামে আবদুর রশিদের পুত্র ফারুক মিয়া (২৮) একই গ্রামের শাহরিয়া এবং মিঠু পাঠানের সহযোগিতায় জোড়পূর্বক অটোরিক্সায় করে তাকে ধর্মপুরে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়।  রাতে ফারুকের বাড়িতে এনে পুরোনো একটি ঘরে আটকে রেখে রাতভর ধর্ষণ করে।

স্কুল থেকে বাড়ি না ফেরায় বিকেল থেকে রাতভর বাড়ির লোকজন মেয়েটির সন্ধানে সকল আত্মীয় স্বজনের বাড়িতে যোগাযোগ করে।

পরদিন সোমবার সকালে ফারুক এবং তার সহযোগিরা মেয়েটিকে চলন্ত অটোরিক্সা থেকে তার বাড়ির পাশে ফেলে চলে যায়। কিশোরীর চিৎকারে লোকজন তাকে বাড়িতে নিয়ে যায়।

কসবা ও আখাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

বুধবার সকালে জেলা সদর হাসপাতালে কিশোরীর মেডিকেল টেস্ট করার পর আদালতে হাজির করা হয়। সেখানে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি প্রদান করেছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে থানা পুলিশ।