চোট থেকে ফিরেই নৈপুণ্য দেখালেন ক্রিস্তিয়ানো রোনালদো। করলেন অসাধারণ এক গোল। তাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আয়াক্সের মাঠ থেকে মূল্যবান এক ড্র নিয়ে ফিরে ইউভেন্তুস।
বুধবার রাতে আয়াক্সের ক্লাবটির মাঠ ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ১-১ গোলে ড্র করে সেরি আ চ্যাম্পিয়নরা।
বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে দারুণ এক হেডে স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে দিয়ে ইউভেন্তুসকে এগিয়ে নেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে নিজের রেকর্ড গোলের সংখ্যা ১২৫ এ নিয়ে গেলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
ব্যবধানটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইউভেন্তুস। বিরতিতে ফেরার পরই আয়াক্সকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান উইঙ্গার দাভিদ নেরেস। এই গোলেই পরাজয় এড়ায় স্বাগতিক দল। এরপর উভয় দল গোলের বেশ কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।
শেষ দিকে এগিয়ে যেতে পারতো ইউভেন্তুস। কিন্তু গোলপোস্টে শট নেন দলটির বদলি নামা ব্রাজিলিয়ান উইঙ্গারের দগলাস কস্তা।
ম্যাচ ড্র হলেও প্রতিপক্ষের মাঠে মূল্যবান একটি গোল পাওয়ায় সেমি-ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেল ইউভেন্তুস। তুরিনে আগামী মঙ্গলবার ফিরতি লেগে আয়াক্সের মুখোমুখি হবে তারা।
বুধবার কোয়ার্টার-ফাইনালের অপর ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষ খেলোয়াড়ের আত্মঘাতী গোলে এগিয়ে যায় কাতালান ক্লাবটি।