দিনাজপুর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ৩২০ বস্তা চাল নিয়ে একটি ট্রাক উধাও হয়ে গেছে বলে অভিযোগ করেছেন দিনাজপুর শহরের চাল ব্যবসায়ী মেসার্স রুবাইয়াত ট্রেডাস নামের একটি প্রতিষ্ঠান। চাল পাঠানোর ৬ দিন অতিবাহিত হলেও চালক ও ট্রাকের কোনো হদিস পায়নি মালিক পক্ষ।
চাল ব্যবসায়ী রুবাইয়াত ট্রেডার্সের মালিক আব্দুর রশিদ অভিযোগ করেন, ‘আমি গত ৫ এপ্রিল সন্ধ্যায় শহরের পুলহাট এলাকা থেকে চট্টগ্রামের অক্সিজেন আমান বাজারের হাসেমী এন্টারপ্রাইজের কাছে ৩২০ বস্তা চাল পাঠাই। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত গন্তব্যস্থলে চাল ও ট্রাক পৌঁছেনি। আমি নিয়মিত চট্টগ্রামে চাল পাঠাই কিন্তু এতদিন সময় লাগে না। সর্বোচ্চ দুইদিন লাগতে পারে। কিন্তু আজকে ৬দিন পার হয়ে গেলেও ট্রাকের কোনো খবর পাচ্ছি না।
এ ব্যাপারে রুবাইয়াত ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আব্দুর রশিদ বুধবার দিনাজপুর কোতোয়ালি থানায় ট্রাক চালক ও ট্রাক উধাও হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন।
মো. আব্দুর রশিদ জানান, গত ৫ এপ্রিল সন্ধ্যায় দিনাজপুর জেলা ট্রাক ও ট্র্যাংকলরি, কভার ভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়ন, রেজি নং-রাজ-২৪৫ এর দালাল মো. লুৎফর রহমানের মাধ্যমে ২৮ হাজার টাকা ভাড়ায় চুক্তিবদ্ধ হয়ে পুলহাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্য ১টি ট্রাক (ঢাকা মেট্রো ট- ২২-১৭৮০) পাঠানো হয়।
ট্রাকের মালিক বরিশালের মো. ফারুক চৌধুরী (৪৫) আর চালক বরিশাল জেলার উজিরপুর থানার মাসান গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে আবুল হোসেন।
তিনি আরও জানান, ট্রাক চালক ফারুক হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। উধাও হওয়া চালের দাম প্রায় ৬ লাখ টাকা বলে তিনি জানান।
দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেদওয়ানুর রহিম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের কাছে অভিযোগ এসেছে। অভিযোগে চাল মালিক বলেছেন তার ৩২০ বস্তা চাল নিয়ে একটি ট্রাক উধাও হয়ে গেছে। আমরা অভিযোগের পরিপ্রেক্ষিত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।