বিশ্বকাপের আগে পাকিস্তান দলের খাদ্যাভ্যাস নিয়ে চটেছেন দেশটির সাবেক টেস্ট অধিনায়ক ও তারকা পেসার ওয়াসিম আকরাম। তার মতে, গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে ভালো ফিটনেস পেতে খেলোয়াড়দের বিরিয়ানি ও জাঙ্ক ফুড জাতীয় খাবার খাওয়া মোটেও উচিত নয়।
পাকিস্তান দলের ক্রিকেটারদের প্রায়ই বিভিন্ন পার্টিতে উপস্থিত হতে দেখা যায়। এসব অনুষ্ঠানে তাদের মশলা, গরু, খাসি বা মুরগি মাংস দিয়ে রান্না করা দেশটির বিখ্যাত বিরিয়ানিসহ সব ধরনের খাবার সরবরাহ করা হয়। এসব খাবার ফিটনেস ধরে রাখার মতো মোটেও উপযোগী নয় বলে মনে করেন ওয়াসিম।
পাকিস্তান দলকে প্রায়ই ক্রিকেট বিশ্বের সবচেয়ে আনফিট দল হিসেবে দেখা হয়ে থাকে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলটির ফিল্ডিং নিয়েও অনেক সমালোচনা হয়। সমালোচনা করেছেন ওয়াসিমও।
বিশ্বকাপের বল মাঠে গড়াতে খুব বেশি সময় নেই। এর আগে খেলোয়াড়দের ডায়েটের ব্যাপারে মনযোগী হওয়ার তাগিদ দিলেন ওয়াসিম, “আমাদের খেলোয়াড়দের এখনো বিরিয়ানি দেওয়া হচ্ছে। তাদের বিরিয়ানি খাইয়ে আপনি চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়তে পারবেন না।”
ইংল্যান্ড ও ওয়েলসে ৩০ মে থেকে শুরু হবে বিশ্বকাপ। পরের দিন মাঠে নামবে পাকিস্তান। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।