মোংলায় ঝড়ে লঞ্চ ডুবে নিখোঁজ ২জনের লাশ উদ্ধার

ঝড়ের কবলে পড়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলে লঞ্চ ও বার্জ ডুবে নিখোঁজ ৩ শ্রমিকের মধ্যে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ডুবুরি মো. ফরিদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বেসক্রিক এলাকায় ডুবে যাওয়া লঞ্চের ভেতর থেকে নিখোঁজ ক্রেন ড্রাইভার মো. শাহালমের (৪৫) মৃতদেহ উদ্ধার করে।

এছাড়া ফায়ার সার্ভিসের অপর একটি দল পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকা থেকে ভাসমান অবস্থায় থাকা আরও একটি লাশ উদ্ধার করেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে ভাসমান পাওয়া লাশের পরিচয় জানাতে পারেননি।

মঙ্গলবার রাতে ঝড়ের কবলে পড়ে পশুর চ্যানেলের বেসক্রিকে লঞ্চ ও বার্জ ডুবে শাহালম, লতিফ ও হেমায়েত নামের তিন শ্রমিক নিখোঁজ হয়। এরপরই উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের মোংলা, খুলনা ও বাগেরহাটের তিনটি ইউনিটসহ কোস্টগার্ড, নৌবাহিনী, বন্দর কর্তৃপক্ষ ও স্টিভিডরস মেসার্স খুলনা ট্রেডার্স।