কাতার বিশ্বকাপেই দল সংখ্যা ৩২ থেকে ৪৮ এ বাড়ানো হবে কি-না, এ ব্যাপারে এখনও নিশ্চিত কিছু জানাননি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার প্রধান গিয়ান্নি ইনফান্তিনো। তবে দল বড়ানোর সম্ভাবনা এখনো ‘ফিফটি-ফিফটি’ বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি ফিফায় ২০২৬ সালের বিশ্বকাপ আসর থেকে দল সংখ্যা ৩২টি থেকে বাড়িয়ে ৪৮ করার সিদ্ধান্ত পাস হয়। কিন্তু বেশ কিছু দিন ধরে গুঞ্জন, কাতার বিশ্বকাপেই বাড়ানো হতে পারে দল সংখ্যা। এ ব্যাপারে বিভিন্ন সময় ফিফারও আগ্রহ দেখা গেছে। সম্ভাবনা এখনও উড়িয়ে দিচ্ছেন না ইনফান্তিনো।
“আমরা ২০২২ সালের বিশ্বকাপ ৪৮ দল নিয়ে করা যায় কি-না তা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কারণ বেশি দলের অংশগ্রহণ মানে বেশি সংস্কার কাজ ও বেশি আবেগ।”
“এটা সম্ভব কি-না, জুনের মধ্যেই আমরা তা দেখব। এটার সম্ভাবনা ৫০-৫০। তবে যেটা শতভাগ নিশ্চিত, তা হলো- ২০২২ সালের বিশ্বকাপ হবে খুব আকর্ষণীয় ও সফল।”
আগামী ৫ জুন ফ্রান্সের প্যারিসে হবে ফিফার সম্মেলন। ওখানেই নেওয়া হবে কাতার বিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো-না বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত।