ভারতীয় সাংবাদিকদের সেই হামলার স্থান দেখাল পাকিস্তান

একদল বিদেশি সাংবাদিক, যাদের মধ্যে অধিকাংশ ভারতীয়; তাদের ডেকে বালাকোটের সেই আলোচিত স্থান দেখিয়েছে পাকিস্তান। ২৬ ফেব্রুয়ারি এখানে ভারতীয় সেনাবাহিনী অভিযান চালায়।

ওই অভিযানের পর দুপক্ষ পাল্টাপাল্টি দাবি করতে থাকে। ভারত দাবি করে, সেখানে অনেক জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান বলে কিছুই হয়নি। বিষয়টি নিয়ে এখনো তাদের বাগ্‌যুদ্ধ চলছে।

এমন পরিস্থিতিতে পাকিস্তানি সেনাবাহিনী সেখানে সাংবাদিকদের নিয়ে যায়।

বুধবার বিকেলে বালাকোটে গিয়ে সাংবাদিকেরা দেখেন, বালাকোটের বিশাল মাদ্রাসা ভবনটি পুরোপুরি অক্ষত। এই মাদ্রাসাকে জঙ্গিদের আস্তানা হিসেবে দাবি করেছিল ভারত।

বালাকোটে মাঝারি আকারের একটি গর্ত দেখতে পান সাংবাদিকেরা। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ভারতীয় বিমানবাহিনীর বোমার আঘাতে ওই গর্তের সৃষ্টি।

বিবিসি জানিয়েছে, দুই পরিদর্শক কিছু গাছ পড়ে থাকতে দেখেন। সাংবাদিক ও কূটনীতিকদের পাহাড়ের ওপর অবস্থিত একটি মাদ্রাসায় নেওয়া হয়। প্রায় আড়াই হাজার ছাত্র পড়ে ওই মাদ্রাসায়।

বিবিসির একজন প্রতিনিধি ওই দলে ছিলেন। ফিরে আসার পর তিনি বলেন, বোমা ফেলার স্থানে মাত্র একটি ঘর। সেটি সামান্য ক্ষতিগ্রস্ত মনে হয়েছে। তিনি একজন লোকের সঙ্গে কথা বলেন, যিনি বোমার আঘাতে আহত হয়েছেন।