ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার (ব্রেক্সিট) সময় ছয় মাস বাড়িয়েছেন জোটের নেতারা। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ নেতাদের আলোচনার পর এ সিদ্ধান্ত আসে। এতে চুক্তি করে ব্রেক্সিটের সুযোগ পেলেন কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী টেরিজা মে।
বিবিসির খবরে জানানো হয়, ইইউর বেঁধে দেওয়া সময় অনুযায়ী আজ শুক্রবার ব্রেক্সিট হওয়ার কথা ছিল। কিন্তু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট সদস্যদের অচলাবস্থার মধ্যে সময় বাড়ানোর আবেদন করেন প্রধানমন্ত্রী টেরিজা। এতে সাড়া দিয়ে ব্রেক্সিটের নতুন সময়সীমা করা হয় ৩১ অক্টোবর।
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, ব্রিটিশ বন্ধুদের প্রতি তার বার্তা হলো, ‘দয়া করে সময় নষ্ট করবেন না।’ স্বল্প দেরি চাওয়া টেরিজা বলেন, সময় পাওয়ার পরও যুক্তরাজ্য যত দ্রুত সম্ভব ইইউ ছাড়বে।
ইইউর সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাজ্যকে মের মধ্যে ইউরোপীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে; নতুবা দেশটিকে চুক্তি ছাড়াই ১ জুনের মধ্যে ইইউ ছাড়তে হবে। দেশটির প্রধানমন্ত্রী ব্রাসেলসে আলোচনা নিয়ে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বিবৃতি দেবেন। অন্যদিকে ব্রেক্সিট সংকট কাটাতে বিরোধী দল লেবার পার্টির সঙ্গে তার আলোচনাও চলবে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় টেরিজা বলেন, ‘আমরা এখন কঠিন বাছাইয়ের মুখোমুখি এবং সময়সীমা পরিষ্কার।’
গত বছর ইউরোপের অন্য নেতাদের সঙ্গে ব্রেক্সিটের যে চুক্তিতে পৌঁছেছিলেন টেরিজা, তা এখন পর্যন্ত নাকচ করেছেন যুক্তরাজ্যের আইনপ্রণেতারা। তারা চুক্তিহীন ব্রেক্সিটের বিপক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে বেরিয়ে আসার চুক্তি নিয়ে কোনো ধরনের পুনঃদরকষাকষির বিষয়টি নাকচ করেছে ইইউ।