হাসপাতাল পরিষ্কার করলেন যুবলীগকর্মীরা

রোগী ও স্বজনদের দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাত্র দেড় ঘণ্টায় পুরো সদর হাসপাতাল ও হাসপাতাল আঙ্গিনা পরিচ্ছন্ন করলেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের নেতাকর্মীরা।

সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহউদ্দিন টিপুর নেতৃত্বে অর্ধশতাধিক দলীয় নেতাকর্মী অল্প কিছুক্ষণেই পুরো হাসপাতালের পরিবেশ পরিবর্তন করে দিলেন। হাতে গ্লাভস ও মুখে মাস্ক লাগিয়ে গত বুধবার রাত ১০টায় কেউ ঝাড়–, কেউ ঝুড়ি নিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার শুরু করেন।

একই সঙ্গে কেউ হারপিক ও ব্লিসিং পাউডার নিয়ে টয়লেট পরিষ্কার, আবার কেউ রোগীদের ওয়ার্ডে ওয়ার্ডে বাতি লাগানোসহ ফ্যান ঠিক করে দেন রাত সাড়ে ১১টার মধ্যে। এ সময় নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলতে ৫০টি বালতি দেওয়া হয় হাসপাতালে। এতে করে স্বস্তি ফিরল হাসপাতালে ভর্তিকৃত দুই শতাধিক রোগীর মাঝে। নিজ হাতে সদর উপজেলা চেয়ারম্যান টিপুকে হাসপাতাল পরিষ্কারের কাজ করতে দেখে রোগী ও স্বজনরা চমকে গেলেন।

লক্ষ্মীপুর জেলা যুবলীগের এমন উদ্যোগের প্রশংসা করলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেনও। তিনি বলেন, জেলা যুবলীগ যে দৃষ্টান্ত স্থাপন করল তা যদি সারা দেশের হাসপাতালগুলোতে করা হয় তাহলে নিশ্চিত উপকৃত হবে দেশবাসী।