৩৫০ জোড়া জুতার মালিক অক্ষয়

বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের ওয়ারড্রব ঠাসা স্টাইলিশ আউটফিটে। তার মধ্যে জুতা রয়েছে ৩৫০ জোড়ার বেশি। এ খবর জানালেন নায়কের স্ত্রী ও অভিনেত্রী-লেখিকা টুইঙ্কেল খান্না।

সম্প্রতি এইচটি ইন্ডিয়াস মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড জিতেছেন অক্ষয়। অনুষ্ঠান শেষে এক সাক্ষাৎকারে টুইঙ্কেলকে জিজ্ঞাসা করা হয়েছিল অক্ষয় কুমারের ওয়ারড্রবের কোন জিনিসটি তার অপছন্দের?

টুইঙ্কেল সঙ্গে সঙ্গে উত্তর দেন, “ট্র্যাক প্যান্ট ও হুডি। অক্ষয়কে বলেছিলাম ওগুলো ফেলে দাও, না হলে আমি ওগুলোকে কেটে ফেলবো।”

পাশ থেকে অক্ষয় বলেন. “ট্র্যাক প্যান্ট ও হুডির থেকে আরামদায়ক আর কিছু হতেই পারে না।”

টুইঙ্কেল আরও জানান, অক্ষয়ের সংগ্রহে ৩৫০ জোড়ার বেশি জুতা রয়েছে এবং প্যান্টের সংখ্যাও মোটামুটি একই। গোলাপি সবুজ বেগুনি হলুদসহ প্রায় সব রঙেরই কালেকশন রয়েছে এ অভিনেতার।

কোনো অনুষ্ঠানের জন্য প্রস্তুত হতে কার বেশি সময় লাগে? টুইঙ্কেল বলেন, ‘‘অক্ষয় খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, ঠিকই কিন্তু ও বেরোনোর পরে দেখি ঘরভর্তি শুধু জামা কাপড় ছড়ানো। ওর তৈরি হতে সাহায্য করার জন্য এগারো জন থাকেন। আমার অবশ্য একজনও লাগে না, আর এ জন্যই আমার একটু বেশি সময় লাগে।”

মার্চে অনুষ্ঠিত ওই আয়োজনে মোস্ট স্টাইলিশ অথরের অ্যাওয়ার্ড জেতেন টুইঙ্কেল খান্না আর অক্ষয় কুমার পেয়েছিলেন এইচটি হটেস্ট ট্রেন্ড সেটার মেল অ্যাওয়ার্ড।