পাকিস্তানে বোমা হামলায় নিহত ২০

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরের এক ফলের বাজারে হাজারা সম্প্রদায়কে লক্ষ করে চালানো এক বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালের এই হামলায় ৪৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

বেলুচিস্তানের পুলিশ প্রধান মহসিন বাট নিহতের সংখ্যা নিশ্চিত করে জানান, তাদের মধ্যে আটজন শিয়া হাজারা সম্প্রদায়ের ও একজন নিরাপত্তাকর্মীও নিহত হয়েছে। বাকি নিহতদের মধ্যে দোকানদার, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ রয়েছে। এশিয়ার মধ্যাঞ্চলীয় শিয়া হাজেরা এই গোষ্ঠীকে সুন্নি মতাবলম্বীরা ধর্মদ্রোহী বলে বিবেচনা করে। কোয়েটার ২০ লাখ ৩০ হাজার জনসংখ্যার মধ্যে পাঁচ লাখই হাজারা গোষ্ঠীর।

পুলিশ প্রধান জানান, ফলের বাজারে যাওয়ার পথে সবসময়েই পুলিশি নিরাপত্তা দেওয়া হয় তাদের। তিনি বলেন, আজও একই কাজ করা হয়েছিল। তাদের পুলিশি নিরাপত্তায় নিয়ে যাওয়া হয়েছিল। তখনই বিস্ফোরণ ঘটে। এটা কী ধরনের হামলা তা তদন্ত করা হবে বলেও জানান পুলিশ প্রধান।