উত্তরায় খেলার মাঠ দখলমুক্তের দাবি

রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরে ক্লাবের দখলে থাকা খেলার মাঠ মুক্তের দাবি জানিয়েছে স্থানীয় কল্যাণ সমিতি। এই দাবিতে গতকাল শুক্রবার ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সমিতির সভাপতি এফ আর চৌধুরী দীপু বলেন, ‘মাঠটি দীর্ঘদিন থেকে ফ্রেন্ডস ক্লাব অবৈধভাবে দখল করে আছে। তারা সেখানে মেলার নামে নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে।’ লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘উত্তরার প্রত্যেকটি সেক্টরের খেলার মাঠ ব্যবস্থাপনা করে নিজ নিজ সেক্টর কল্যাণ সমিতি। কিন্তু ৩ নম্বর সেক্টর তার ব্যতিক্রম। রাজউক থেকে সমিতি মাঠের ব্যবস্থাপনার অনুমোদন পেলেও ফ্রেন্ডস ক্লাব অবৈধভাবে সেটা দখল করে রেখেছে। বহিরাগত লোকজন সেখানে গিয়ে আড্ডা দিয়ে পরিবেশ নষ্ট করছে। তারা সেখানে মেলার নামে উচ্চ স্বরে গান বাজানোসহ বিভিন্ন অনিয়ম করছে। স্থানীয় ক্রিসেন্ট হাসপাতাল থেকে মাঠে মেডিকেল বর্জ্য ফেলা হচ্ছে। এতে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। মাঠ নিয়ে কথা বলায় সমিতির অফিস ও প্রচার সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া ওরফে মাহবুবের ওপর অজ্ঞাত সন্ত্রাসীরা সশস্ত্র হামলা করেছে। থানা পুলিশ এ বিষয়ে মামলা নেয়নি।’