১৮ বছরের গৃহবধূ একসঙ্গে জন্ম দিলেন ৭ সন্তান

লক্ষ্মীপুরে পৌর শহরের সিটি হসপিটালে নাজমা আক্তার (১৮) নামের এক গৃহবধূ একসঙ্গে সাত সন্তানের জন্ম দিয়েছেন। 

এর মধ্যে চারটি মেয়ে ও তিনটি ছেলে। ১৮ বছর বয়সী এই মাকে কোনো সিজারিয়ান পদ্ধতি বেছে নিতে হয়নি।

গৃহবধূ হাসপাতালে ভর্তি হওয়ার মাত্র ২৫ মিনিটের মধ্যে সাত সন্তানের জন্ম দিয়েছেন প্রাকৃতিক উপায়ে। 

এ খবর শহরে জড়িয়ে পড়লে স্থানীয় জনতা হাসপাতালে এক নজর দেখার ভিড় জমাতে থাকে। সাত সন্তানের জন্মদাত্রী নাজমা আক্তার সদর উপজেলার লাহারকান্দি গ্রামের প্রবাসী রাজুর স্ত্রী।

হাসপাতালে আগত এক রোগীর আত্মীয় তপন চন্দ্র জানান, লক্ষ্মীপুরে এক সঙ্গে সাত সন্তানের জন্মের ঘটনা এই প্রথম। 

এ ব্যাপারে সিটি হসপিটালের ম্যানেজার ওমর ফারুক জানান, শুক্রবার বিকেলে গৃহবধু নাজমা আক্তারের প্রসব ব্যথা উঠলে রাত ৯টা ২০ মিনিটে শহরের সিটি হাসপাতালে ভর্তি তাকে করনো হয়। 

এরপর রাত নয়টা ৪৫ মিনিটের দিকে কোনো সিজারিয়ান পদ্ধতি ছাড়াই চারটি মেয়ে ও তিনটি ছেলে সন্তান প্রসব করেন।

সিটি হসপিটালের চিকিৎসক ডাক্তার আবদুল্লাহ নওশের জানান, নির্ধারিত সময়ের আগে সন্তান জন্ম ও একসঙ্গে সাত সন্তান জন্মদানে নবজাতকগুলো ঝুঁকিতে আছে।

’আমরা প্রসূতির আত্মীয়দের বলছি তাকে ও বাচ্চাদের দ্রুত ঢাকা শিশু হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে।’