ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার বিচার দাবিতে গতকাল শুক্রবারও সারা দেশে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। সব স্থান থেকেই হত্যায় জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি উঠেছে। এ অবস্থায় নুসরাত হত্যায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথমে মাদ্রাসার অধ্যক্ষের যৌন হয়রানি ও পরে সেই অধ্যক্ষের লোকজনই নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আলিম পরীক্ষায় অংশ নিতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে মৃত্যুবরণ করেন তিনি। গত বৃহস্পতিবার তাকে দাফনের আগেই বিক্ষোভে ফেটে পড়ে দেশের মানুষ। শুক্রবারও এই বিক্ষোভ অব্যাহত ছিল। আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর
ঢাকা : নুসরাতকে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে পদযাত্রা করেছে বেশ কয়েকটি সংগঠন। গতকাল সকালে রাজধানীর শাহবাগে গৌরব একাত্তরের আহ্বানে ‘যৌন নিপীড়ন ও ধর্ষণবিরোধী পদযাত্রার’ আয়োজন করা হয়। চেতনা বাংলাদেশ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পূর্ণিমা ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এতে অংশ নেন। পদযাত্রাটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আবদুস সামাদ বলেন, ‘একাত্তরের জামায়াত নেতাদের সহযোগী অধ্যাপক সিরাজ-উদ-দৌলার মতো ব্যক্তিরা আজও আমাদের সমাজে উপস্থিত। এমন ঘটনা দেখে আমরা শিউরে উঠি। এমনটা মোটেও কাম্য নয়। এমন ঘটনার সঙ্গে জড়িত সবার বিচারের পাশাপাশি যারা এদের আশ্রয় দেয়, মদদ দেয়, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। কারণ তারা সমান অপরাধে অপরাধী।’
হত্যাকারীদের শাস্তির দাবিতে বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। দাবি আদায়ে কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। রাজু ভাস্কর্যের সামনে সমাবেশের পর ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিক্ষোভ মিছিল করে। এ সময় উপস্থিত ছিলেন ডাকসু ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, ‘কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু নির্যাতনের পর সারা দেশে বিচারের দাবি উঠলেও এখনো বিচার হয়নি। বর্তমানে সেরকম ঘটনা অহরহ ঘটেছে। ঘরে যেমন নিরাপদ নয়, তেমনি সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানেও নিরাপদ নয় মানুষ।’ এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিম’, ‘নুসরাত কবরে, খুনি কেন বাইরে’, ‘আমার বোন মরল কেন, প্রশাসন জবাব চাই’Ñ বিভিন্ন স্লোগান দেয়।
বরিশাল : অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বেলা ১১টায় নগরের সদর রোডের অশ্বিনীকুমার হলের সামনে বরিশাল জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষুব্ধরা।
সিলেট : সিলেট নগরে মানববন্ধন ও মিছিল-সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষ সিরাজের ফাঁসির দাবি জানান তারা। আলেমরাও এই কর্মসূচিতে অংশ নেন। গতকাল বাদ জুমা নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ করে মাদানী কাফেলা বাংলাদেশ। সংগঠনের সভাপতি মাওলানা রুহুল আমিন নগরীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক হাফিজ আবদুল করিম দিলদারের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব। এদিকে একই দাবিতে নগরের বন্দরবাজারে বাদ জুমা সমাবেশ করে সিলেটের সচেতন আলেম সমাজ।
নুসরাত হত্যাসহ দেশব্যাপী নারী নির্যাতন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বাংলাদেশ নারী মুক্তি সংসদ সিলেট জেলা কমিটির উদ্যোগেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন হয়। এতে রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও অংশ নেন।
মাগুরা : এদিন নুসরাত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মাগুরা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেয়। তারা দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
গাইবান্ধা : দুপুরে শহরের কাচারিবাজারে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সদস্যরা। এতে উদীচী শিল্পীগোষ্ঠী, সাংবাদিকসহ অন্যান্য শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
কুমিল্লা : দেবীদ্বারে মানববন্ধন করেছে ‘মানবাধিকার সাংবাদিক সংস্থা’ ও ‘মানবসেবা বিদ্যাঘর’। দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বরের সামনে মানববন্ধন করা হয়। এতে রাজনীতিক, ব্যবসায়ীসহ অন্য পেশার লোকজনও অংশ নেন।
নাটোর : বাগাতিপাড়ায় মানববন্ধন করেছে বাগাতিপাড়া ভূমিহীন সমিতি ও ‘নিজেরা করি’ নামে একটি এনজিও। এতে রাজনীতিক, সাংবাদিক, শিক্ষার্থীসহ নানা শ্রেণির মানুষ অংশ নেন। সবাই অপরাধীদের দ্রুত ও কঠোর শাস্তি দাবি করেন।
নেত্রকোনা : হত্যার প্রতিবাদ ও আসামিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পৌরসভার সামনের সড়কে ‘আমরা জেলা ছাত্রলীগ’-এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।