সন্ত্রাসী হামলার আশঙ্কা

বাংলাদেশ ভ্রমণে ফের যুক্তরাষ্ট্রের সতর্কতা

সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিক ও ভ্রমণরতরা রাজধানী ঢাকা ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকা সফরে বাড়তি নিরাপত্তা গ্রহণ করবেন। প্রয়োজনে এসব এলাকায় ভ্রমণের বিষয় পুনর্বিবেচনা করবেন।

সম্প্রতি বাংলাদেশে সন্ত্রাসবাদ বেড়েছে উল্লেখ করে সতর্ক বার্তায় বলা হয়, কিছু জায়গায় ঝুঁকির মাত্রা অনেক বেড়েছে। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানের মতো পাহাড়ি এলাকা বিপজ্জনক হয়ে উঠেছে। সেখানে অপহরণসহ অন্যান্য অপরাধের ঘটনা ঘটছে। এসব এলাকা ভ্রমণের প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেবেন।

বিজ্ঞপ্তিতে ঢাকায় ভ্রমণের ব্যাপারে সতর্কাবস্থা তৃতীয় ধাপে উন্নীত করা হয়। এ বিষয়ে বলা হয়েছে, রাজধানী ঢাকায় অপরাধের হার অনেক বেশি। বিশেষ করে রাতে। শহরের অপরাধগুলোর মধ্যে চুরি, ডাকাতি, গাড়ি ছিনতাই, হামলা ও ধর্ষণ অন্যতম। একই সঙ্গে দেশটির পররাষ্ট্র দপ্তর বলছে, বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন, অবরোধ ও সহিংস সংঘাত ঘটতে থাকবে। সেই সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীরা বাংলাদেশে হামলার পরিকল্পনা করছে। তারা যেকোনো সময় পর্যটনকেন্দ্র, বাস-ট্রেন স্টেশন, শপিংমল, রেস্টুরেন্ট, উপাসনালয় কিংবা সরকারি দপ্তরে হামলা চালাতে পারে। শহুরে এলাকায় পুলিশি নিরাপত্তা সত্ত্বেও সন্ত্রাসী হামলার সম্ভাবনা আছে বলে দাবি দপ্তরের।