ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বারাংকুলা গ্রামের একটি বাগান থেকে শনিবার সকালে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
পরে তাকে প্রাথমিক পরিচর্যা করে চিকিৎসকের নিকট নিয়ে যায় বাগানের পাশের একটি পরিবার। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নবজাতকসহ ওই পরিবারকে তার সরকারি বাসভবনে নিয়ে আসেন।
ইউএনও মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পাণ্ডে এবং জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আমিনুল ইসলাম নবজাতকের জন্য প্রয়োজনীয় কাপড়-চোপড়, শিশু খাদ্য, ওষুধপত্র কিনে দেন। ইউএনও লালন পালনের জন্য ওই নবজাতককে গৃহবধূ পারভিন বেগমের হাতে তুলে দেন।
এ ব্যাপারে পারভিন বেগম বলেন, ভোর ৬ টার দিকে বারাংকুলা গ্রামের রাশেদ কাজীর বাগানের ভেতরে বাচ্চার কান্নার শব্দ শুনে এক ভ্যানওয়ালার মাধ্যমে খবর পাই। এ সময় উপুড় করে ফেলানো নবজাতকের গলায় পাটের রশি পেচানো ছিল। সেই অবস্থায় উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. গিয়াস উদ্দিনের নিকট চিকিৎসার জন্য নিয়ে যাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, আল্লাহর অশেষ রহমতে নবজাতকটি বেঁচে আছে। তাকে সম্ভবত মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তাছাড়া বাগানের ভেতর শিয়াল-কুকুরে খেয়ে ফেলতেও পারতো, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। ছেলে সন্তানটিকে নেওয়ার জন্য অনেকেই আগ্রহ দেখিয়েছিল কিন্তু উদ্ধারকারী ওই পরিবারের আগ্রহে তাদেরই লালন পালনের জন্য দেওয়া হয়েছে।