পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতি বাড়িয়ে দেয়। একে অপরকে জানার, বোঝার সুযোগ করে দেয়। শোবিজ তারকারাও তার বাইরে নয়। তিন তারকার বৈশাখ উদযাপনের গল্প নিয়ে এই আয়োজন
দুস্থ মানুষের সঙ্গে কিছুটা সময় কাটাব
ইরফান সাজ্জাদ
আজও আমার শ্যুটিং আছে। কোনো ইচ্ছাই ছিল না পহেলা বৈশাখে শুটিং করার। কিন্তু মাঝে একদিন বৃষ্টির কারণে শ্যুটিং বাদ দিতে হয়। আজ সেই কাজটিই করে দিতে হচ্ছে। তবে যে কোনো বিশেষ দিনে আমি সময় করে দুস্থ মানুষের সঙ্গে সময় কাটাই। তাদের এক বেলা খাওয়াতে পারলে মনটা ভালো হয়ে যায়। আজও তাই করব। আর রাতে তিনটি নাটক প্রচার হবে আমার। সেগুলো দেখার চেষ্টা করব। নাটকগুলো হলো তুমি রবে নীরবে, এসো হে বৈশাখ ও জাকারিয়া সৌখিনের পরিচালনায় একটি নাটক, নাম এই মুহূর্তে মনে পড়ছে না। প্রথমটি এসএ টিভিতে আর শেষ দুটি বাংলাভিশনে প্রচার হবে।
দেশীয় মোটিফের লেহেঙ্গা পরব
সানিয়া সুলতানা লিজা
এবারের পহেলা বৈশাখেও বরাবরের মতো কনসার্ট নিয়ে ব্যস্ত থাকতে হবে। এবার চট্টগ্রামে দুটি কনসার্ট আছে পহেলা বৈশাখে। আমি শাড়ি পরতে খুব পছন্দ করি, কিন্তু কনসার্টে শাড়ি ক্যারি করতে অনেক কষ্ট হয়। তাই দেশীয় মোটিফের লেহেঙ্গা স্টাইলের কিছু পরব। আমার বন্ধু ডিজাইনার তাসনুভার ডিজাইন করা পোশাক পরব। এটি অবশ্যই লাল হবে। সঙ্গে কিছুটা সোনালি কাজ থাকতে পারে। আমার মেকাপ নিজেই করি। সময় একটু বেশি পেলে চুলটা খোঁপা করতে পারে। তাতে বেলিফুলের মালা জড়িয়ে দেব। আর সময় না পেলে চুলটা হালকা কার্ল করে ছেড়ে দেব। কানে ভারী কানের দুল পরব বলে গলা থাকবে খালি। একটা লাল টিপ দেব আর ঠোঁটে থাকবে লাল টুকটুকে ম্যাট লিপস্টিক। আর হাতে চুড়ি পরব কি না এখনো ঠিক করিনি। তবে একহাতে ব্র্যান্ডের ঘড়ি থাকবে।
পরিবারকেই সময় দেব
সাবিলা নূর
সারা বছর পড়াশুনা আর শ্যুটিং নিয়ে খুব ব্যস্ত থাকতে হয়। তাই বন্ধের দিন বাড়ির বাইরে একদম যেতে ইচ্ছে করে না। পহেলা বৈশাখ একেবারেই ঘরোয়াভাবে কাটবে। মা নানা রকমের খাবার রাঁধবেন নানা ধরনের ভর্তা, ভাজি, পিঠা-পায়েস, পান্তা-ইলিশ, সরষে ইলিশ ইত্যাদি। এবার বন্ধুর কাছ থেকে একটি সুন্দর শাড়ি উপহার পেয়েছি। কমলা আর হলুদের মধ্যে শাড়িটি। আমার খুব পছন্দ হয়েছে। তবে পরব কি না ভাবছি। কারণ ঘরের মধ্যে শাড়ি পরার খুব একটা অভ্যাস আমার নেই। তবে বাবা-মায়ের দেওয়া সালোয়ার-কামিজটি পরব এটা নিশ্চিত। এটি একেবারেই লাল-সাদার মধ্যে। পহেলা বৈশাখের রং বলতে যা বোঝায় আর কি। হালকা সাজ থাকবে। গরমের মধ্যে মেকাপ করার ইচ্ছা নেই। একটি ছোট্ট লাল টিপ পরব আর কাজল। ব্যস আমার সাজ কমপ্লিট। এবার চারটি ভিন্ন গল্পের বৈশাখের নাটক করেছি। ‘লাভ অ্যাডমিশন’, ‘পুরনো দিনের গল্প’, ‘টেইলর’। শেষ দুটি নাটকে জুটি বেঁধেছি আফরান নিশোর সঙ্গে। চতুর্থ নাটকটির নাম এখনো ঠিক হয়নি।