বগুড়ায় পুকুর থেকে ৭৬৫ রাউন্ড গুলি উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার একটি পুকুর থেকে ৭৬৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পুলিশ গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, তালোড়া পৌর এলাকায় করিম ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতালের উত্তর পার্শ্বে ভবন বর্ধিত করার জন্য কাজ চলছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ ভবনের পাশেরর পুকুরেরর পানি সরিয়ে দিয়ে কলাম নির্মাণের জন্য গর্ত খোঁড়ার কাজ শুরু করে।

শনিবার বিকেলের দিকে নির্মাণ কাজের শ্রমিকেরা মাটির দুই ফুট গভীরে গুলি দেখতে পেয়ে হাসপাতাল মালিক ডা. শফিউল করিম তালুকদার মিন্টুকে জানান।

তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন।

সন্ধ্যার দিকে মাটির নিচ থেকে উদ্ধার হওয়া  ৩ ধরনের ৭৬৫ রাউন্ড গুলি ও ৩৪ পিস গোলাবারুদ লোড চার্জার উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বৃষ্টির কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে মাটির নিচে আরও গুলি থাকতে পারে।

গর্তে জমা হওয়া পানি নিষ্কাশন করে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে। উদ্ধারকৃত গোলাবারুদ মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।