কঙ্গনা রনৌত সম্প্রতি বলেছেন, আলিয়া ভাটের ‘গলি বয়’ তার সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করেছে- এটা খুবই বিব্রতকর। এমন মন্তব্যে মহেশ ভাটের মেয়ে পাল্টা কোনো আক্রমণে না গিয়ে বললেন, “আমি তার মতামতকে সম্মান করি।”
পিঙ্কভিলার এক প্রতিবেদনে উঠে এসেছে আলিয়ার বক্তব্য। পরবর্তী সিনেমা ‘কলঙ্ক’-এর প্রচারে গিয়ে আলিয়া বলেন, “কঙ্গনার কাজকে আমি অনেক সম্মান করি এবং তার মতামতকেও। সে যদি এমন কিছু ভেবে থাকে, তবে এর নিশ্চয় কারণ আছে। আমি বরং মনে রাখবো ‘রাজি’ দেখার পর সে আমার কতটা প্রশংসা করেছে। এবং আমি নিজের কাজের দিকে মনোযোগ দিতে পছন্দ করব। আমি যদি যথেষ্ট কঠোর পরিশ্রম করি কঙ্গনা হয়তো আবার প্রশংসা করবে।”
সম্প্রতি বলিউড লাইফ ২০১৯ সালের এ পর্যন্ত মুক্তি পাওয়া সিনেমার সেরা অভিনেত্রী খুঁজতে জরিপের আয়োজন করে। সেখানে ‘মণিকর্ণিকা’ সিনেমার নাম ভূমিকা অভিনয় করে এক নম্বর স্থান দখল জিতে নেন।
জরিপে জেতার পর এক প্রতিক্রিয়ায় আলিয়াকে তাচ্ছিল্য করেন কঙ্গনা। তার মতে, ‘গলি বয়’ সিনেমায় মাঝারি মানের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। এমন চরিত্রের সঙ্গে প্রতিযোগিতা কঙ্গনাকে বিব্রত করেছে।
এবারই প্রথম নয়, এর আগে একাধিকবার কঙ্গনার কটুবাক্যের শিকার হয়েছেন আলিয়া। স্বজনপ্রীতি, অভিনয় ও রাজনীতিবিমুখতার সমালোচনা করেছেন কঙ্গনা। এমনকি “করণ জোহরের হাতের পুতুল” বলেও উল্লেখ করেন।
কঙ্গনা রনৌত বর্তমানে ‘পাঙ্গা’ সিনেমার শুটিং করছেন। মুক্তির অপেক্ষায় আছে ‘মেন্টাল হ্যায় ক্যায়?’। সামনে অভিনয় করবেন প্রয়াত অভিনেত্রী ও তামিলনাড়ুর রাজনীতিবিদ জয়ললিতার চরিত্রে। এ ছাড়া নিজের পরিচালনায় অ্যাকশন ধাঁচের একটি সিনেমায় অভিনয় করবেন।