ফটিকছড়িতে গৃহবধূকে গলাকেটে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়িতে মামনি বালা দে (২৫) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে ডাকাতরা। রোববার অনুমানিক রাত একটার দিকে উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মহানগর গ্রামের ভুবন মহাজনের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত গৃহবধূর শ্বশুর মিলন কান্তি দে’কে (৫৫) ছুরিকাঘাত করে পেটের নাড়ি-ভুড়ি বের করে ফেলে ডাকাতরা।

নিহত গৃহবধূর শাশুড়ি রমনী দে বলেন, “রোববার আনুমানিক রাত একটার দিকে ঘরের জানালার পাশে দেয়াল টপকে ছাদের উপর দিয়ে ঘরে প্রবেশ করে ডাকাতরা।

পরে তারা ঘরের জিনিসপত্র এলোমেলো করতে থাকে। এ সময় আমি নাতিকে কোলে নিয়ে ঘর থেকে কোনরকমে বাইরে পালিয়ে গিয়ে প্রতিবেশীদের ডাকাতির বিষয়ে অবহিত করলে প্রতিবেশীরা ছুটে আসেন। ততক্ষণে ডাকাতরা পুত্রবধূকে গলাকেটে হত্যা করে।

এ সময় আমার স্বামীকে কুপিয়ে যখম করে ডাকাতরা। লোকজন আসলে পালিয়ে যাওয়ার সময় পাশের বাড়ির সানি নামের এক যুবককে আমি স্বচক্ষে দেখতে পাই। ডাকাতরা যাবার সময় দুটি মোবাইল ফোন ও দুটি টর্চ লাইট নিয়ে যায়।

খবর পেয়ে রাতেই ভূজপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসেন এবং গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসী গুরুতর আহত মিলন কান্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নিহত গৃহবধূর স্বামী রুপন কান্তি দে তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই এলাকা থেকে তিন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- অমর দাশের ছেলে সানি দাশ (১৯), উজ্জল দেবের ছেলে জয় দেব (১৮) ও শ্যামল দের ছেলে তয়ন দে (২২)।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবদুল্লাহ বলেন, “ওই এলাকা ঘটনার জড়িত থাকতে পারে এমন সন্দেহে তিজনকে আটক করেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।”