কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের বিশ্রামাগার থেকে বজলুর রহমান (৫২) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নিহত ব্যক্তি নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার সাতগাঁও গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। শনিবার দিবাগত ভোররাত দুইটার দিকে বিশ্রামাগার থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানায় রেলওয়ে পুলিশ।
নিহতের শ্যালক অ্যাডভোকেট মো. হুমায়ূন কবির জনি জানান, বজলুর রহমান একজন সফল ব্যবসায়ী ছিলেন। কিছুদিন পূর্বে নানাবিধ কারণে তিনি ব্যবসায় লোকসানে পড়েন। সে থেকেই তিনি ভবঘুরে প্রকৃতির হয়ে পড়েছিলেন। রোববার ভোরে নিহতের মোবাইল থেকে পুলিশের মাধ্যমে মৃত্যুর খবর পেয়ে সকালে তিনি লাশ নিতে ভৈরবে এসেছেন বলে জানান।
ভৈরব রেলওয়ে থানার সিনিয়র উপপরিদর্শক মো. সুরুজ্জামান জানান, অসুস্থতাজনিত কারণে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্বজনরাও বলছেন তিনি অসুস্থ ছিলেন। প্রয়োজনীয় ফর্মালিটি শেষে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।