পহেলা বৈশাখে সাকিব-মুশফিকদের শুভেচ্ছা

পুরোনো গ্লানি ভুলে বাংলা নতুন বছরকে বরণ করে নিতে উৎসবে মেতেছে সবাই। বাঙালির ঐতিহ্যর অন্যতম এক অংশ এই পহেলা বৈশাখ। একে অপরকে সবাই জানাচ্ছেন নতুন বছরের শুভেচ্ছা। ক্রীড়া তারকারাও ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানাতে ভোলেননি।

সাকিব আল হাসান থেকে শুরু করে সৌম্য সরকার, সবাই ভক্তদের বাংলা নতুন বছর ১৪২৬-এর শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের জানিয়েছেন শুভকামনা।

আইপিএল খেলতে ভারতে থাকা সাকিব আল হাসান একটি রঙিন হাত পাখার ছবি পোস্ট করেছেন। ছবিটির গায়ে লেখা, শুভ নববর্ষ ১৪২৬। রঙিন সব স্বপ্ন নিয়ে হোক নতুন এক বছরে পদার্পণ।

সাকিব আলাদা করে ছবির ক্যাপশন দিয়েছেন এভাবে, ‘‘নতুন স্বপ্ন, সম্ভাবনা এবং আশার উদ্দীপনা নিয়ে আসুক বাংলা নতুন বছরের আগমনী গান। সবাইকে জানাই আনন্দ উৎসবে ভরা বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ!’’

মুশফিকুর রহিম হাসিমুখে নিজের ছবি পোস্ট করেছেন। গায়ে সাদা শার্ট, পরনে জিনস। শার্টে ফুলের একটি নকশা। এই উইকেটকিপার ব্যাটসম্যান ক্যাপশনে লিখেছেন, ‘‘নতুন বছরের প্রতিটি দিন যেন হোক বর্ণিল, আনন্দময় এবং উচ্ছ্বাসে পরিপূর্ণ। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা।’’

পেসার মোস্তাফিজুর রহমান সাদা পাঞ্জাবিতে নিজের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘‘নতুন বছরের নতুন সূর্যের সাথে ঘুচে যাক পুরোনো সব ব্যর্থতা। নতুন ভোর নিয়ে আসুক প্রশান্তি আর সাফল্যময় একটি বছর। সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ!’’

সৌম্য সরকার পারিবারিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘শুভ নববর্ষ-১৪২৬। সুন্দর ও সমৃদ্ধ হোক আপনাদের আগামী দিনগুলো।’’