বিশ্বকাপের আগে চোটের মিছিল বাংলাদেশ শিবিরে। মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিনদের ইনজুরি কিছুটা অস্বস্তিতে রেখেছে সবাইকে। পেসার রুবেল হোসেন ভুগছেন পেশির চোটে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তাই সাত ম্যাচের বেশি খেলতে পারেননি আবাহনী লিমিটেডের এই তারকা।
এদিকে সোমবার থেকে শুরু প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্ব। এদিন প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ম্যাচ আবাহনীর। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর পূর্ব ঘোষণা অনুযায়ী এ সপ্তাহের শুরু থেকে খেলতে বাধা নেই রুবেলের। তবে বিশ্বকাপের কথা ভেবে রুবেলকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চান না আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন।
মিরপুরে রোববার আবাহনীর অনুশীলনে রুবেলকে নিয়ে সুজন বলেন, ‘‘সবাই মোটামুটি ফিট শুধু রুবেল বাদে। রুবেল এখনো বোলিং করেনি। আমরাও রুবেলকে কোনো রকম জোর দিচ্ছি না। এত বছর যখন খেলছে, সে নিজের প্রতি সৎ। ও যখনই রেডি হবে তখন খেলবে।’’
প্রিমিয়ার লিগের ম্যাচের চেয়ে বিশ্বকাপ যে বেশি গুরুত্বপূর্ণ সেটিই তুলে ধরলেন বিসিবির অন্যতম পরিচালক সুজন, ‘‘সামনে বিশ্বকাপ আছে, সেটাও আমাদের জন্য চিন্তার বিষয়। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, এটা ক্লাব ক্রিকেট না এটা দেশের ব্যাপার। গুরুত্ব বাংলাদেশের দিকেই যাবে।’’
লিগে সাত ম্যাচে সাত উইকেট পেয়েছেন রুবেল। বিশ্বকাপে রুবেলের প্রস্তুতির জন্যও ম্যাচ খেলাটা জরুরি। তবে আনফিট হয়ে রুবেল খেলুক এটা চান না সুজন, ‘‘আমিও চাই না যে ও হালকা ফিট হয়ে খেলুক। যদি রিকভার করে ফুল ফিট হয়ে খেলতে চায়, তাহলে খুবই ভালো। যদি না হয় তাহলে আমরাও জোর করব না খেলার জন্য, আমি চাইব না। আমি মনে করি রুবেল বাংলাদেশের জন্য অনেক বড় সম্পদ।’’