খাগড়াছড়িতে শিশু অপহরণ মামলায় ৫ জনের যাবজ্জীবন

খাগড়াছড়িতে এক শিশুকে অপহরণ মামলায় জড়িত ৫ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

সোমবার সকালে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এই রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন- চট্টগ্রামের আগ্রাবাদের বাসিন্দা আলী আহাম্মদের ছেলে মো. ইউনুছ (৩৩), মো. ইয়াকুবের ছেলে মো. ইয়াছিন (৩২), মৃত শংকর ধরের ছেলে নয়ন ধর (৩৪), মো. গোলাম কাদেরের ছেলে মো. নিটু ওরফে লিটু (৩৩), মো. নজরুল ইসলামের ছেলে মো. প্রিন্স (৩৪)। আসামিদের মধ্যে মো. প্রিন্স পলাতক রয়েছেন। বাকি আসামিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০০৭ সালের ২০ ফেব্রুয়ারি খাগড়াছড়ির মহালছড়ি বাজার থেকে উজ্জল ধর নামে এক শিশুকে তার জেঠাতো ভাই নয়ন ধরসহ অন্যরা অপহরণ করে নিয়ে যায়। পরে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকি দেয় তারা।

পরে বিষয়টি র‌্যাবকে জানালে তারা চট্টগ্রামের চৌমহনি থেকে ইউনুছ, ইয়াসিনকে আটক করে। তাদের তথ্যের ভিত্তিতে আগ্রাবাদ মুহুরী পাড়া উত্তর আবাসিক এলাকার একটি বাসা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা অংকর ধর মহালছড়ি থানায় একটি অপহরণ মামলা করেন।