বিশ্বকাপের আগে তার চোট নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। তবে চোট কাটিয়ে মোহাম্মদ সাইফউদ্দিন যে স্বস্তি নিয়েই মাঠে খেলতে পারছেন তার প্রমাণ দিলেন ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সে। আবাহনী লিমিটেডের এই অলরাউন্ডারের করলেন লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের ক্যারিয়ার সেরা বোলিংয়। তার আগুনে বোলিংয়ে পুড়ে ছাই হলো প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাব।
সোমবার সুপার লিগের ম্যাচে প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাবকে ১৬৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আবাহনী লিমিটেড। টস হেরে আগে ব্যাট করে ৪৯ ওভারে ২৫১ রানে গুটিয়ে যায় আবাহনী। জবাব দিতে নেমে ২৯.৪ ওভারে মাত্র ৮৬ রানেই থামে দোলেশ্বর।
লক্ষ্য তাড়া করতে নেমে দোলেশ্বর ৩৪ রানেই ৫ উইকেট হারায়। যার প্রথম ৪ উইকেটই তুলে নেন সাইফউদ্দিন। এরপর নিয়েছেন আরো এক উইকেট। ৬ ওভার বল করে ২টি মেডেন দিয়ে মাত্র ৯ রান খরচায় ৫ উইকেট নেন সাইফউদ্দিন। লিস্ট ‘এ’ ক্যারিয়ারেই প্রথমবারের মতো পাঁচ উইকেট পেলেন এই অলরাউন্ডার।
ব্যাটিংয়ে আবাহনীর শুরুটা ছিল বাজে। মাত্র ১২ রাতে তারা হারায় শুরুর তিন ব্যাটসম্যানকে। দুই ওপেনার জহুরুল ইসলাম ১ ও সৌম্য সরকার ২ রান করে ফেরেন। তিন নম্বরে খেলতে নেমে ৫ রান করেছেন মিরাজ।
এরপর ওয়াসিম জাফর ও নাজমুল হোসেন শান্ত ১৪৬ রানের জুটি গড়েন। ওয়াসিম জাফর ৯৭ বলে ৬ চারে ৭১ রান করেন। শান্তর ব্যাট থেকে আছে ৭০ রান। ৮৩ বলে নিজের ইনিংসটি তিনি সাজান ৪ চার ও ২ ছক্কায়।
শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে মোহাম্মদ মিথুন করেছে ৪১ রান। দোলেশ্বরের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহি। ২টি করে উইকেট নেন ফরহাদ রেজা ও সাইফ হাসান।
এরপর সাইফউদ্দিনের সেই বোলিং তাণ্ডব। তার সঙ্গে ২ উইকেট নিয়েছেন সানজামুল ইসলাম। দোলেশ্বরের পক্ষে সর্বোচ্চ রান করেন মাহমুদুল হাসান। ২৭ রানে অপরাজিত ছিলেন তিনি। ম্যাচ সেরা হয়েছেন সাইফউদ্দিন।