নিজেদের প্রেমের গল্প নিজেরাই বলবেন...

ভালোবেসে বিয়ে করেন ওমর সানী ও মৌসুমী। দুই দশকেরও বেশি সময় পার করলেন একসঙ্গে। জীবনের এই সময়ে এসে নিজেরাই বলবেন নিজেদের প্রেমের গল্প। তাও আবার টেলিভিশন অনুষ্ঠানে।

জানা যায়, এটিএন বাংলায় ১৫ এপ্রিল থেকে সম্প্রচার শুরু হচ্ছে সেলিব্রেটি শো ‘জোশ আড্ডা উইথ ওমর সানী’। প্রতি মঙ্গলবার রাত ৮টায় প্রচার হবে অনুষ্ঠানটি।

এই অনুষ্ঠানের প্রথম পর্বেই ওমর সানীর সঙ্গে অতিথি হয়ে হাজির হবেন মৌসুমী। অনুষ্ঠানে ওমর সানীর সঙ্গে কথোপকথনে উঠে আসে ওমর সানী-মৌসুমীর প্রেম, রোমান্স, সংসার জীবন, চলচ্চিত্রে মৌসুমীর সফলতার ২৬ বছর, তার সঙ্গে সফল নায়কের জুটি, তার নির্দেশনা এবং আগামীর ভাবনাসহ আরও নানান গল্প।

মজার ব্যাপার হচ্ছে, এই অনুষ্ঠান দিয়েই প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে নিজেকে হাজির করছেন ওমর সানী। ওমর সানি’র সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কায়সার আহমেদ। ওমর সানীর আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হয়ে আড্ডায় অংশ  নিয়েছেন একঝাঁক তারকা শিল্পী। মৌসুমী ছাড়াও ‘জোশ আড্ডা উইথ ওমর সানী’ অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অতিথি হিসেবে অংশ নিয়েছেন রোজিনা, তৌকীর আহমেদ, রবি চৌধুরী, অনন্ত জলিল-বর্ষা, মাহিয়া মাহি, রেসি, নিরব, মিশা সওদাগর, অমিত হাসান-লাবনী, ফেরদৌস ও  অপু বিশ্বাস।