সাকিবকে দেশে ফিরতে চিঠি দিচ্ছে বিসিবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান। তবে তার দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচটি খেলার পর আর একাদশে সুযোগ পাননি সাকিব। এদিকে ২২ এপ্রিল শুরু হচ্ছে বিশ্বকাপের জন্য বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্প। মঙ্গলবার ঘোষিত হবে স্কোয়াডও। সাকিবকে তাই দেশে ফিরতে চিঠি দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গেল আসরে প্রথমবার হায়দরাবাদে খেলেন সাকিব। দলকে রানার্সআপ করতে রেখেছিলেন বড় ভূমিকা। এবার অবশ্য টিম কম্বিনেশনের কারণে দলের প্রথম ম্যাচটি খেলার পর আর সুযোগ পাননি বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। সাকিবকে বাইরে রেখে টানা ছয় ম্যাচ খেলে ফেলেছে হায়দরাবাদ।

বিপিএলের ফাইনালে চোটের পর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফেরেন সাকিব। এরপর ফের বসে থাকা। বিশ্বকাপের আগে সাকিবের প্রস্তুতিটা যে আদর্শ হচ্ছে না সেটি বলাই যায়। বিসিবি সভাপতি আগেই আভাস দিয়েছিলেন, ক্যাম্প শুরু হলে সাকিব দেশে ফিরে আসবেন।

সোমবার বিসিবি কার্যালয়ে এসে বোর্ড সভাপতি জানালেন, সাকিবকে চিঠি দেওয়ার বিষয়টি। তবে দেশে ফেরার সিদ্ধান্তটি সাকিবের ওপরই ছেড়ে দিচ্ছে বোর্ড। বিসিবি বস নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন, “আমাদের ক্যাম্প শুরু হচ্ছে। আমি বলেছি সাকিবকে চিঠি পাঠাতে। এখনই চিঠিটা দিয়ে দিতে। তারপর দেখা যাক সে কী সাড়া দেয়।’’

নাজমুল হাসান পাপন আরো বলেন, ‘‘আমাদের যেহেতু ক্যাম্প শুরু হচ্ছে সে আমাদের ক্যাম্পে আসবে কী আসবে না, এটা নিয়ে কথা হয়নি। আমার মনে হয়েছে ক্যাম্প শুরু হচ্ছে, ওকে চিঠি দেওয়া দরকার যেন সে যোগ দিতে পারে।’’

এদিকে হায়দরাবাদে নিজের বিশ্বকাপ প্রস্তুতিটা যে ভালো হচ্ছে না সেটি সাকিব নিজেও অনুধাবন করছেন। আর এ কারণেই ছোটবেলার কোচ সালাউদ্দিনকে উড়িয়ে নিয়েছেন ভারতে। উদ্দেশ্য বিশ্বকাপের জন্য আলাদা করে নিজেকে ঝালিয়ে নেওয়া। এখন দেখার বিষয় সাকিব দেশে ফেরেন না ভারতে থেকেই বিশ্বকাপের প্রস্তুতি নেন।

ইংল্যান্ড ও ওয়েলসে ৩০ মে বসবে বিশ্বকাপের আসর। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে মে’র শুরুতে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ রয়েছে টাইগারদের।