নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে ওঠা অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্র্তৃপক্ষ। গতকাল সোমবার দুপুর ১২টায় বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার তারাব এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় উচ্ছেদকৃত অবৈধ দোকানপাট থেকে জব্দ করা কাঠ, টিন, বালুসহ বিভিন্ন মালামাল ২ লাখ ২০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপপরিচালক মো. শহীদুল্লাহসহ অন্য কর্মকর্তারা। পুলিশ ও আনসার ছাড়াও বিপুলসংখ্যক উচ্ছেদকর্মী এ অভিযানে অংশ নেন।
বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান দেশ রূপান্তরকে জানান, নদীর সীমানা পিলারের অভ্যন্তরে এবং আইন অমান্য করে নদীর সীমানার দেড় শ ফুটের ভেতরে গড়ে ওঠা প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে চার-পাঁচটি স-মিল, কয়েকটি কাঠের দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও কাঁচা-পাকা টিনের বসতঘর রয়েছে। তিনি জানান, নদী অবৈধ দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।