গত ৫ এপ্রিল ২০১৯ রাজধানীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে পুনর্গঠিত হয় দেশের জনপ্রিয় ব্যান্ড দল এলআরবি। নতুন লাইনআপে কণ্ঠশিল্পী হিসেবে যুক্ত হন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। এলআরবি ব্যান্ডের ২৮তম জন্মদিনে নতুন লাইনআপে ব্যান্ডের সকল সদস্য সেখানে উপস্থিত ছিলেন।
এলআরবি নামটি আর কেউ ব্যবহার করতে পারবে না। এলআরবির প্রধান প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরা সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছেন। আর তা জানার পর এলআরবি নাম পরিবর্তন করেছেন ব্যান্ডের সদস্যরা। এবার ব্যান্ডটির নতুন নাম হয়েছে ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’। এই ব্যান্ডের অন্যতম সদস্য মাসুদ বলেন, ‘এলআরবির প্রাণপুরুষ আইয়ুব বাচ্চুর প্রতি পূর্ণ শ্রদ্ধা আর সম্মান রেখে তার স্মৃতিকে অমøান রাখতে, আমাদের সবার প্রিয় ব্যান্ডকে বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ নিয়েছি।’
মাসুদ দাবি করেন, ‘এলআরবির ব্যাপারটি নিয়ে আমরা বারবার বসের (আইয়ুব বাচ্চু) পরিবারের সঙ্গে বসতে চেয়েছি। ব্যান্ডের নানা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছি। কিন্তু তারা কেউ বসতে চাননি। বসের কোনো অসম্মান হোক, তাকে নিয়ে কাদা ছোড়াছুড়ি হোক, তা আমরা চাইনি। বসকে সবাই যতটা ভালোবাসেন, আমরা চাই সবার মনের মধ্যে তিনি সেই ভালোবাসা নিয়েই বেঁচে থাকুন। আমরা বসকে এবং এলআরবিকে অনেক ভালোবাসি। বসের সম্মান রক্ষার্থে যেকোনো সিদ্ধান্ত নিতে আমরা কখনো পিছপা হইনি, হব না।’
এরপর আইয়ুব বাচ্চুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর কেউ তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। কোনো খোঁজখবর নেয়নি। আইয়ুব বাচ্চুর স্মৃতি আর তার ব্যান্ডকে ধ্বংস করার জন্য একটি মহল চেষ্টা করছে।
এদিকে মাসুদ জানান, ব্যান্ডের নাম পরিবর্তন করা হলেও ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’ আইয়ুব বাচ্চু ও এলআরবির গাওয়া গান চর্চা করবে। বিভিন্ন কনসার্ট আর অনুষ্ঠানে তা পরিবেশন করবে। পাশাপাশি ধীরে ধীরে নিজেদের নতুন গানও তৈরি করবে।
আইয়ুব বাচ্চুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ব্যান্ডের লাইনআপ পরিবর্তন করার ব্যাপারে পরিবারের কারও সঙ্গে ব্যান্ডের সদস্যরা কোনো যোগাযোগ কিংবা আলোচনা করেনি। এই ঘটনার ঠিক ১০ দিন পর ব্যান্ডের নাম পরিবর্তন করেছেন সদস্যরা।
সবশেষে মাসুদ বলেন, ‘যে কেউ চলে যেতে পারেন। তাই বলে তার জন্য অন্য সব কাজ থেমে যাবে? তা কখনো হয়েছে? বস কিন্তু কঠিন সময়েও আমাদের বলেছেন, দ্য শো মাস্ট গো অন। আর আমরা বলছি, দ্য লিগ্যাসি মাস্ট গো অন।’
১৯৯০ সালের ৫ এপ্রিল এলআরবি প্রতিষ্ঠা করেন আইয়ুব বাচ্চু। শুরুতে এই ব্যান্ডের নাম ছিল ‘লিটল রিভার ব্যান্ড’ (এলআরবি)। ১৯৯৭ সালে নাম বদলে রাখা হয় ‘লাভ রানস ব্লাইন্ড’ (এলআরবি)। গত বছর ১৮ অক্টোবর সকালে নিজ বাসায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান আইয়ুব বাচ্চু।
এখন বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি ব্যান্ডের বর্তমান লাইনআপ দাঁড়াল : বেজ গিটার- স্বপন, গিটার- মাসুদ, ভোকাল ও গিটার- বালাম, ড্রামস- রোমেল ও সাউন্ড ইঞ্জিনিয়ার- শামীম আহমেদ। জানা গেছে, পহেলা বৈশাখে বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি প্রথম কনসার্ট করে।