নদীতে স্কুলছাত্র ও নালায় ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার ফুলছড়ির বালাসীঘাটে যমুনা নদীতে গোসল করতে গিয়ে ইমন মিয়া (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ইমন সদর উপজেলার ত্রিমোহিনী এলাকার শাহীন আলমের ছেলে এবং শহরের ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। ইমনের পরিবার শহরের দক্ষিণ ধানঘড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকে।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার বলেন, পহেলা বৈশাখের (রবিবার) দুপুরে ইমনসহ চার বন্ধু নদীতে গোসল করতে যায়। এ সময় চারজনই বালু উত্তোলন করার গর্তে ডুবে যাওয়ার সময় একজন প্রত্যক্ষদর্শী গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করেন। তিনি তিনজনকে উদ্ধার করতে পারলেও ইমনকে উদ্ধার করতে পারেননি। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে সন্ধ্যার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

অন্যদিকে, ঝিনাইদহের শৈলকুপায় হেলাল উদ্দীন (৪) নামে এক শিশু টিউবওয়েলের নালার গর্তে ডুবে মারা গেছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। হেলাল পৌর এলাকার ফাজিলপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।